ছবি : সংগৃহীত
কিশোরগঞ্জের ভৈরব বাজার জংশনে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে ঢাকা মেইল-২ (ডাউন) এর একটি বগি লাইনচ্যুত হওয়ার প্রায় ৮ ঘণ্টা পর সেটি উদ্ধার করেছে রিলিফ ট্রেন। ফলে ঢাকা-সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল আবার স্বাভাবিক হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে ভৈরব বাজার জংশনের পর প্রায় ১৫০ মিটার দূরে এ লাইনচ্যুতির ঘটনা ঘটে।
ভৈরব রেলওয়ে স্টেশনের মাস্টার ইউসুফ জানান, ভৈরব বাজার জংশন থেকে কেবিন স্টেশন মাস্টার রাত ৩টা দিকে চট্টগ্রামগামী মেইল-২ কে সামনে যাওয়ার অনুমতি দেয়। লোকোমাস্টার ট্রেনটি নিয়ে কিছু দূর সামনে গেলে ইঞ্জিনের চতুর্থ কোচের বগি লাইনচ্যুত হয়ে যায়। ফলে ওই স্টেশনের আপ-ডাউন লাইন বন্ধ হয়ে যায়। এতে ঢাকা-সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ থাকে।
মঙ্গলবার সকালে আখাউড়া থেকে রিলিফ ট্রেন এসে উদ্ধারকাজ শুরু করলে বেলা ১১টার দিকে প্রায় ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
জৈন্তা বার্তা/আরআর




