সংগৃহীত
আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে হবিগঞ্জ-৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনে বিএনপির মনোনীত প্রার্থী সৈয়দ মোঃ ফয়সলের পক্ষে নির্বাচনী প্রচারণা ব্যাপকভাবে জোরদার হয়েছে। পথসভা, উঠান বৈঠক, গণসংযোগ ও নির্বাচনী সভার মধ্য দিয়ে দলটির নেতাকর্মীরা দিনভর মাঠে সক্রিয় অবস্থান নিয়েছেন।
শনিবার সকালে চুনারুঘাট উপজেলার ১নং গাজীপুর ইউনিয়নের আলীনগরে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ মোঃ ফয়সল। তিনি বলেন, “নির্বাচনকে সামনে রেখে একটি মহল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তবে জনগণ সত্য জানে এবং বিএনপির পক্ষে রায় দেবে।” তিনি আরও বলেন, “ষড়যন্ত্রকারীরা কখনো সফল হবে না। জনগণের শক্তির কাছে সব চক্রান্ত ব্যর্থ হবে।”
ফয়সল তার বক্তব্যে উল্লেখ করেন, বিএনপি ক্ষমতায় গেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, কৃষকদের জন্য কৃষি কার্ড, সাধারণ মানুষের জন্য ফ্যামিলি কার্ড, উন্নত স্বাস্থ্যসেবা এবং ইমাম–মুয়াজ্জিনদের সম্মান ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, বিএনপি বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করবে।
একই দিন সকালে মাধবপুর উপজেলা যুবদল আয়োজিত এক নির্বাচনী সভায় বক্তব্য দেন ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমেদ। তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “নির্বাচন যেন শান্তিপূর্ণ হয় সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি করে গণরায় কেড়ে নিতে না পারে।” তিনি দলীয় ঐক্য বজায় রেখে ভোটকেন্দ্র পাহারা ও শৃঙ্খলা রক্ষার আহ্বান জানান।
শনিবার দুপুরে চুনারুঘাট উপজেলা ছাত্রদল ও যুবদল আয়োজিত নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রার্থী সৈয়দ মোঃ ফয়সলের ছেলে সৈয়দ শাফকাত আহমেদ। তিনি তার বক্তব্যে তরুণ ভোটারদের বলেন, “আগামী প্রজন্মের ভবিষ্যৎ নিরাপদ করতে ধানের শীষে ভোট দিতে হবে।”সভা শেষে চুনারুঘাট বাজারে বিএনপি মনোনীত প্রার্থীর সমর্থনে একটি বিশাল মিছিল বের হয়। মিছিলে শত শত নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। তারা ধানের শীষের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।
একই দিন সকালে মাধবপুরের শিমুলঘরে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান। তিনি বলেন, “বিএনপি সব সময় সাধারণ মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।” তিনি ভোটারদের শান্তিপূর্ণভাবে ভোটকেন্দ্রে গিয়ে বিএনপির প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান।স্থানীয় নেতাকর্মীরা জানান, নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে ততই বিএনপির প্রচারণা আরও জোরালো হচ্ছে। গ্রামে গ্রামে গণসংযোগ, বাড়ি বাড়ি প্রচার ও উঠান বৈঠকের মাধ্যমে ভোটারদের সঙ্গে যোগাযোগ বাড়ানো হচ্ছে।
জৈন্তাবার্তা/সুলতানা




