সংগৃহীত
গতকাল বাংলাদেশ সময় ভোরে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো অ্যারিয়ানে বসেছিল ৬৮তম গ্র্যামি পুরস্কারের আসর। এবার অ্যালবাম অব দ্য ইয়ার পুরস্কার জিতেছেন লাতিন র্যাপ তারকা ব্যাড বানি। তার ‘দেবি তিরার মাস ফতোস’ গ্র্যামির ইতিহাসে প্রথম স্প্যানিশ অ্যালবাম হিসেবে এই স্বীকৃতি পেয়েছে। মোট তিনটি ট্রফি উঠেছে ৩১ বছর বয়সী এই পুয়ের্তোরিকান গায়কের হাতে। অ্যালবাম অব দ্য ইয়ার গ্র্যামির সর্বোচ্চ পুরস্কার হিসেবে বিবেচিত হয়। রেকর্ড অব দ্য ইয়ারসহ সর্বাধিক পাঁচটি পুরস্কার জিতেছেন আমেরিকার র্যাপার কেন্ড্রিক ল্যামার। এর মাধ্যমে হিপ-হপ সংগীতশিল্পী হিসেবে জে-জি’কে টপকে সর্বাধিক গ্র্যামি জয়ের রেকর্ড গড়েছেন তিনি। সং অব দ্য ইয়ার পুরস্কার পেয়েছে বিলি আইলিশ ও তার ভাই ফিনিয়াসের ‘ওয়াইল্ডফ্লাওয়ার’। গ্র্যামির এই বিভাগে এর আগে আরও দুবার পুরস্কার পেয়েছেন তারা। এর মাধ্যমে সর্বাধিক তিনবার সং অব দ্য ইয়ার পুরস্কারপ্রাপ্ত শিল্পী হিসেবে রেকর্ড গড়েছেন তারা।
সেরা নিউ আর্টিস্ট হয়েছেন ব্রিটিশ গায়িকা অলিভিয়া ডিন। ‘কেপপ ডিমন হান্টার্স’-এর ‘গোল্ডেন’ গানটি জিতেছে সেরা সং রিটেন ফর ভিজ্যুয়াল মিডিয়া বিভাগের পুরস্কার। গ্র্যামিজয়ী প্রথম কে-পপ গান এটাই। নতুন চালু হওয়া সেরা অ্যালবাম প্রচ্ছদ বিভাগের পুরস্কার জিতেছে টাইলার, দ্য ক্রিয়েটরের ‘ক্রোমাকোপিয়া’। সেরা পপ ভোকাল অ্যালবাম স্বীকৃতি পেয়েছে আমেরিকান গায়িকা লেডি গাগার ‘মেহেম’। এর জনপ্রিয় গান ‘আবরাকাডাবরা’ পেয়েছে সেরা ড্যান্স-পপ রেকর্ডিং পুরস্কার। সেরা রিমিক্সড রেকর্ডিং বিভাগেও সেরা হয়েছে গানটি। সেরা মিউজিক ফিল্ম বিভাগে পুরস্কৃত হয়েছে ‘জন উইলিয়ামস’। এর প্রযোজকদের মধ্যে অন্যতম খ্যাতিমান নির্মাতা স্টিভেন স্পিলবার্গ। ফলে তার হাতেও এসেছে গ্র্যামি পুরস্কার। এর মাধ্যমে অস্কার, গ্র্যামি, এমি ও টনি অ্যাওয়ার্ড পাওয়া ২২তম ব্যক্তি বনে গেলেন তিনি। সেরা অডিওবুক ন্যারেশন বিভাগে ‘মেডিটেশন্স : দ্য রিফ্লেকশন্স অব হিজ হলিনেস দ্য দালাই লামা’র জন্য প্রথমবার গ্র্যামি অ্যাওয়ার্ড জিতেছেন তিব্বতি বৌদ্ধদের আধ্যাত্মিক নেতা দালাই লামা। অস্কারে সর্বাধিক ১৬টি মনোনয়ন পেয়ে রেকর্ড গড়া ‘সিনার্স’ সেরা কম্পাইলেশন সাউন্ডট্র্যাক (ভিজ্যুয়াল মিডিয়া) ও সেরা আবহসংগীতের অ্যালবাম (ভিজ্যুয়াল মিডিয়া) বিভাগ দুটিতে গ্র্যামি জিতেছে।
জৈন্তাবার্তা/সুলতানা




