সংগৃহীত
হবিগঞ্জ-৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সৈয়দ মোঃ ফয়সল বলেছেন, তিনি ক্ষমতার মোহে নয়, বরং জনগণের সেবক ও পাহারাদার হিসেবে কাজ করতে চান। বুধবার বিকেলে মাধবপুর উপজেলার সুরমা তেলিয়াপাড়ায় এক নির্বাচনী পথসভায় তিনি এ কথা বলেন। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে আয়োজিত সভায় তিনি নিজের রাজনৈতিক লক্ষ্য ও এলাকার উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন।
ফয়সল বলেন, “আমি নেতা হতে চাই না, আপনাদের পাহারাদার হতে চাই। আমাকে নির্বাচিত করলে আমি সরকারি অফিসের চেয়ারে বসে দূরে থাকব না; বরং মাঠে থেকে মানুষের সুখ–দুঃখে পাশে থাকব।” তিনি জানান, মাধবপুর–চুনারুঘাটের মানুষ দীর্ঘদিন ধরে নানা সমস্যা ও অবহেলার শিকার, বিশেষ করে চা বাগান শ্রমিক ও প্রান্তিক জনগোষ্ঠী যথাযথ সুযোগ-সুবিধা পাননি।
তিনি প্রতিশ্রুতি দেন, নির্বাচিত হলে সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষ সমান সুবিধা পাবেন। চা বাগান শ্রমিক, সনাতন ধর্মাবলম্বী, আদিবাসী এবং সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় কাজ করবেন বলে জানান। তার ভাষায়, “এখানে কেউ নিপীড়িত হবে না, কেউ জুলুমের শিকার হবে না—সবাই নাগরিক মর্যাদায় বাঁচবে।”
সভায় তিনি আরও বলেন, ব্যবসা-বাণিজ্য ও চাকরির ক্ষেত্রে কোনো বৈষম্য থাকবে না। স্থানীয় তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে উদ্যোগ নেওয়া হবে এবং ছোট ব্যবসায়ীদের জন্য সহায়ক পরিবেশ তৈরি করা হবে। রাস্তা, শিক্ষা, স্বাস্থ্য ও বিশুদ্ধ পানির সংকট সমাধানেও তিনি কাজ করবেন বলে জানান।, বিএনপি ক্ষমতায় গেলে এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হলে চা বাগানসহ অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নে বিশেষ প্রকল্প নেওয়া হবে। তিনি বলেন, “আমার ব্যক্তিগত চাওয়া-পাওয়ার কিছু নেই। আমি বাকি জীবন মানুষের জন্য কাজ করতে চাই। পরে তিনি চুনারুঘাটে ব্যাপক গণসংযোগ করেন।পথসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা আলফাজ মিয়া, হোসাইন মো. রফিক স্থানীয় ব্যবসায়ী অনিল রায়, মানিক সরকার, রায়ধন সরকার ও বিকাশ সরকার প্রমূখ।
এদিকে একইদিনে মাধবপুর উপজেলার চৌমুহনী মনতলা এলাকাসহ বিভিন্ন স্হানে গণসংযোগ করেন সৈয়দ মোঃ ইশতিয়াক ও খান্দুরা দরবার শরীফের বিশিষ্ট পীর সৈয়দ যুবায়ের কামাল।তারা দলমত নির্বিশেষে জনগনের কাছে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেছেন।একই দিন চুনারুঘাটের ১৮ টি বাগানের ধানের শীষের প্রচারণা করেন সৈয়দ শাফকাত আহমেদ।তিনি চা বাগান নেতৃবৃন্দ এবং বিএনপি নেতৃবৃন্দকে নিয়ে ধানের শীষের প্রচারণা করেন।
জৈন্তাবার্তা/সুলতানা




