সংগৃহীত
কুমিল্লার দাউদকান্দিতে এক যুবককে হাঁস চুরির ‘অপবাদ’ দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার মালিগাঁও ইউনিয়নের মালিগাঁও গ্রামে এ ঘটনা ঘটেছে। পুলিশ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মালিগাঁও গ্রামের মো. জসিম মিয়া (৩৫) একই গ্রামের মো. ওমর সানিকে (৩০) আটক করেছে।
নিহত ওই যুবকের নাম সাঈদ ভূঁইয়া (২৩) উপজেলা মালিগাঁও গ্রামের আলাউদ্দিন ভূঁইয়ার ছেলে। ওই যুবক পেশায় একজন রাজমিস্ত্রীবুধবার (৪ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আব্দুল হালিম।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিনের বেলা মালিগাঁও গ্রামে হাঁস চুরির অভিযোগ ওঠে। মালিগাও গ্রামের আব্দুর রাজ্জাক মিয়া নামে এক ব্যক্তি ওই গ্রামের আলাউদ্দিন ভূঁইয়ার কাছে তার ছেলে সাঈদ রাজ্জাকের হাঁস চুরি করেছে বলে অভিযোগ করেন।সাঈদের বাবা অভিযোগকারী রাজ্জাক মিয়াকে বলেন, ‘যদি আমার ছেলে হাঁস চুরি করে থাকে বাড়িতে এলে আমি বিচার করে হাঁসের ক্ষতিপূরণ দেব।’
এতে রাজ্জাক মিয়া উত্তেজিত হয়ে বাড়ি থেকে ফিরে যান। ওই দিন রাত ১১ টার দিকে স্থানীয় কয়েকজন সাঈদকে আটক করে হাঁস চুরির ‘অপবাদ’ দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন এবং গ্রামের আলমের মুদির দোকানের সামনে ফেলে রাখে। খবর পেয়ে সাঈদের বাবা ঘটনাস্থল থেকে অচেতন অবস্থায় তার ছেলেকে উদ্ধার করে প্রথমে মালিগাঁও স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে গৌরীপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দাউদকান্দি মডেল থানার ওসি এম আব্দুল হালিম জানান, হাঁস চুরির অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মডেল থানায় একটি হত্যা মামলার প্রস্তুটি চলছে।
জৈন্তাবার্তা/সুলতানা




