সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, মধ্যনগর ও ধর্মপাশা) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী কামরুজ্জামান কামরুল বলেছেন, আমার নেতা তারেক রহমান প্রধানমন্ত্রী হলে আর আমি যদি এমপি নির্বাচিত হতে পারি আপনাদের ভোটে, তাহলে এই এলাকা আর পিছিয়ে থাকবে না। উন্নয়ন করবো ন্যায্য অধিকারের ভিত্তিতে, আপনাদেরকে সাথে নিয়ে।
শুক্রবার সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের ঘাগটিয়া এলাকায় নির্বাচনি সভায় তিনি এসব কথা বলেন।
সকল ভোটারকে ভোটকেন্দ্রে যাওয়ার অনুরোধ জানিয়ে কামরুল বলেন, একটা ভোটের অনেক মূল্য। এক একটা ভোট বিশাল ভোটে পরিণত হয়। আর সেই ভোটের মাধ্যমেই ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে উন্নয়নের স্বার্থে বেগম জিয়ার মার্কায় ভোট দিতে হবে, যিনি এই দেশের মানুষের জন্য জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যুদ্ধ করেছেন। ১২ তারিখে আমাদের মা-বোনসহ সবাইকে বুঝিয়ে ভোটকেন্দ্রে নিয়ে যাবেন নিজ নিজ দায়িত্বে এক একজন বিএনপির প্রার্থী কামরুল হয়ে। কারণ আপনারাই আমরা শক্তি, সাহস আর আগামী দিনগুলোতে চলার প্রেরণা। আপনারাই আমাকে তৈরি করেছেন আর আপনারাই আমাকে নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করবেন।
এ সময় উপজেলা বিএনপির নেতা, কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া কামরুজ্জামান কামরুল নতুন বাজার, বিন্নাকুলীসহ বিভিন্ন এলাকায় দিনভর নির্বাচনি পথসভা করেন।
অপরদিকে, সুনামগঞ্জ-১ আসনের ধানের শীষের প্রার্থী কামরুজ্জামান কামরুলের স্ত্রী যক্তরাজ্য প্রবাসী হেলি জামান দিনভর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের জঙ্গলবাড়ি, বাঁশতলাসহ বিভিন্ন গ্রামের নারী ভোটারদের নিয়ে উঠান বৈঠক করে ধানের শীষের পক্ষে স্বামীর জন্য ভোট চান।
জৈন্তা বার্তা/আরআর




