গণভোট কী জানেন না চা শ্রমিকরা
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:৩৯ AM

গণভোট কী জানেন না চা শ্রমিকরা

চুনারুঘাট প্রতিনিধি

প্রকাশিত: ০৮/০২/২০২৬ ০২:৩৫:১৯ PM

গণভোট কী জানেন না চা শ্রমিকরা

ফাইল ছবি


আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবার একই দিনে অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। নির্বাচন কমিশন ও সরকারের পক্ষ থেকে গণভোটকে সামনে রেখে বিভিন্ন ধরনের প্রচার-প্রচারণা শুরু হলেও সেই কার্যক্রম এখনও মূলত শহর ও পৌর এলাকাকেন্দ্রিক সীমাবদ্ধ রয়েছে। চা-বাগানের সাধারণ ভোটারদের বড় একটি অংশ গণভোটের বিষয়ে রয়ে গেছেন সম্পূর্ণ অন্ধকারে।

হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) নির্বাচনী আসনে ২২টি চা-বাগানে বসবাস করেন প্রায় ৮০ হাজারের বেশি ভোটার। তাদের বড় অংশই জানেন না গণভোট কী, কেন এই ভোট অনুষ্ঠিত হচ্ছে কিংবা এতে কীভাবে অংশ নিতে হবে। সংসদ নির্বাচন সম্পর্কে ধারণা থাকলেও একই দিনে অনুষ্ঠিত হতে যাওয়া গণভোট তাদের কাছে এখনও অস্পষ্ট ও বিভ্রান্তিকর।

হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার তেলিয়াপাড়া, চন্ডিচড়া, চান্দপুর, নালুয়া, লস্করপুর, রশিদপুর, শ্রীবাড়ি ও রেমা চা-বাগানসহ একাধিক চা-বাগানের নারী ও পুরুষ শ্রমিক ভোটাররা জানান, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এ তথ্য তারা জানেন। বিভিন্ন রাজনৈতিক দলের সংসদ সদস্য প্রার্থীরাও নিয়মিত ভোট চাইতে আসছেন। কিন্তু গণভোট কী, কেন হচ্ছে কিংবা ভোটের দিন আলাদা কোন ব্যালট বা সিদ্ধান্ত দিতে হবে, এ বিষয়ে কেউ তাদের কিছুই বলেননি।

একাধিক নারী শ্রমিক বলেন, আমরা কখনো গণভোট দিইনি। এই ভোট কী, কীভাবে দিতে হবে, এটা কেউ আমাদের জানাননি। ভোটের দিন কী করতে হবে, তা নিয়েই ভয় ও দ্বিধা কাজ করছে।

গণভোট সম্পর্কে শুধু সাধারণ শ্রমিকরাই নন, চা-বাগানের শ্রমিক নেতা, পঞ্চায়েত সর্দার এবং স্থানীয় প্রতিনিধিদের মধ্যেও স্পষ্ট ধারণার ঘাটতি লক্ষ্য করা গেছে। অধিকাংশই জানিয়েছেন, ‘গণভোট’ শব্দটি তারা খুব কম শুনেছেন, আবার কেউ কেউ একেবারেই জানেন না বিষয়টি কী।

চান্দপুর চা-বাগানের শ্রমিক নেতা কাঞ্চন পাত্র বলেন, ‘গণভোট’ শব্দটা আমরা খুব কমই শুনেছি। বিষয়টা যদি দেশের জন্য গুরুত্বপূর্ণ হয়, তাহলে চা শ্রমিকদের আগে জানানো দরকার। কারণ আমরাও দেশের নাগরিক, আমাদের ভোটের মূল্য আছে।

তিনি বলেন, চা-বাগানের শ্রমিকরা সাধারণত নির্দেশনা অনুযায়ী ভোট দেন। কিন্তু গণভোটের মতো বিষয়ে যদি আগে থেকে প্রশিক্ষণ বা প্রচারণা না হয়, তাহলে শ্রমিকরা বুঝবে না কোন সিদ্ধান্ত কী অর্থ বহন করে।

অপর এক শ্রমিক নেতা বলেন, প্রার্থী ও রাজনৈতিক নেতারা ভোট চাইতে এলেও গণভোটের কথা কেউ বলেন না। ফলে শ্রমিকরা ভাবছে, একই দিনে হঠাৎ করে আলাদা আরেকটা ভোট কেন? এটা পরিষ্কার না হলে ভোটের দিন বিভ্রান্তি তৈরি হতে পারে।

চান্দপুর চা-বাগানের পঞ্চায়েত সভাপতি চন্দ্র কর্মকার বলেন, আমরা সংসদ নির্বাচন সম্পর্কে জানি, ভোট কীভাবে দিতে হয় সেটাও জানা। কিন্তু গণভোট বিষয়টা আমাদের কাছে একেবারেই নতুন। কী প্রশ্নে ভোট হবে, কীভাবে ভোট দিতে হবে, এ বিষয়ে কেউ আমাদের কিছু জানায়নি। আগে আমাদের বোঝাতে হবে, তারপরই আমরা শ্রমিকদের সঠিকভাবে দিকনির্দেশনা দিতে পারব।

তিনি আরও বলেন, চা-বাগান এলাকায় লিফলেট বিতরণ, উঠান বৈঠক, মাইকিং ও সরাসরি আলোচনা হলে শ্রমিকদের মধ্যে গণভোট বিষয়ে সচেতনতা বাড়বে এবং তারা আত্মবিশ্বাসের সঙ্গে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, খুব শিগগিরই চা-বাগানগুলোতে গণভোট বিষয়ে সচেতনতা ও প্রচারণা কার্যক্রম জোরদার করা হবে।

চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান বলেন, চা-বাগানের শ্রমিকরা যেন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনে সঠিকভাবে অংশ নিতে পারেন, সে জন্য নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সচেতনতামূলক কার্যক্রম চালানো হবে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা
নিজেকে প্রমাণ করলেন রোনালদো
শাহজালাল (রহ.) মাজারের ডেগ ও দানবাক্সের টাকা জমা হলো ব্যাংকে
মানুষকে দ্বীনের পথে আহ্বান করবেন: আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী