ছাতক-দোয়ারায় উন্নয়নের বিপ্লব ঘটবে: কলিম উদ্দিন মিলন
শনিবার, ০২ মে ২০২৬, ০১:৪৮ PM

ছাতক-দোয়ারায় উন্নয়নের বিপ্লব ঘটবে: কলিম উদ্দিন মিলন

মোশাররফ হোসেন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ০৯/০২/২০২৬ ০১:১৪:৩৩ PM

ছাতক-দোয়ারায় উন্নয়নের বিপ্লব ঘটবে: কলিম উদ্দিন মিলন


আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক বিজয়ী হলে ছাতক ও দোয়ারাবাজারে উন্নয়নের বিপ্লব ঘটানো হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মনোনীত প্রার্থী কলিম উদ্দিন আহমেদ মিলন।

রবিবার বিকেলে ছাতক পৌর শহরে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত ধানের শীষের সমর্থনে নির্বাচনী গণমিছিল শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কলিম উদ্দিন আহমেদ মিলন বলেন, যত বেশি ভোটে নির্বাচিত হবো, তত বেশি উন্নয়ন করতে পারবো। আমরা কারো ক্ষতি করবো না, মানুষের কল্যাণেই কাজ করবো।

তিনি আরও বলেন, নির্বাচিত হলে দক্ষিণ ছাতককে নিয়ে আলাদা একটি উপজেলা গঠন করা হবে। পাশাপাশি রাস্তাঘাট, শিক্ষাখাত ও সার্বিক অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করা হবে।

মিলন ছাতক শহরের বিশুদ্ধ খাবার পানির সংকট নিরসনের প্রতিশ্রুতি দেন। এছাড়া গোবিন্দগঞ্জ বাজারকে একটি মিনি শহরে রূপান্তর করে পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী গড়ে তোলার কথা বলেন। ঐতিহ্যবাহী জাউয়া বাজারকে আধুনিক ও দৃষ্টিনন্দন বাজারে রূপান্তরের ঘোষণাও দেন তিনি। এ সময় দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের মাঠে থেকে আরও ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে মিজানুর রহমান চৌধুরী মিজান বলেন, ধানের শীষ তারেক রহমানের প্রতীক, ধানের শীষ উন্নয়নের প্রতীক।

তিনি ছাতক-দোয়ারাবাজারের উন্নয়ন ত্বরান্বিত করতে বিপুল ভোটে কলিম উদ্দিন আহমেদ মিলনকে বিজয়ী করার আহ্বান জানান।

এর আগে গণমিছিলে অংশ নিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে মিছিলসহকারে নেতাকর্মীরা ছাতক পৌর শহরে জড়ো হন।

ছাতক উপজেলা বিএনপির আহ্বায়ক ফরিদ আহমেদের সভাপতিত্বে এবং পৌর বিএনপির আহ্বায়ক শামছুর রহমানের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবদুর রহমান, ফারুক আহমদ, নজরুল ইসলাম, ছাতক উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক ফজলুল করিম বকুল, ছাতক পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন এবং জয়নাল আবেদীন মহি।

সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন, আবু হুরায়রা ছুরত, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শামছুর রহমান বাবুল ও নজরুল ইসলাম, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ফরিদ উদ্দিন, পৌর যুবদলের আহবায়ক খয়ের উদ্দিন, যুক্তরাজ্য বিএনপি নেতা বাছির আহমেদ, আজির উদ্দিন, আব্দুর রউফ প্রমুখ।

জৈন্তা বার্তা/আরআর