সংগৃহীত
মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নে অ্যাম্বুলেন্সের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।নিহত হাবিব চাপরাশি (৪৫) সদর থানার ঘটমাঝি ইউনিয়নের খালেক চাপরাশির ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নবনির্বাচিত মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে যাওয়ার পথে লোয়াইরডাঙ্গা এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা। পথে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হাবিব চাপরাশি ও আল আমিন গুরুতর আহত হন। পরবর্তীতে দ্রুত তাদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাবিব চাপরাশিকে মৃত ঘোষণা করেন। আহত আল আমিনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, হাবিব চাপরাশি প্রায় এক মাস আগে দুবাই থেকে ছুটিতে দেশে এসেছিলেন। তার স্ত্রী ও তিন সন্তান রয়েছে। সদর থানা পুলিশ সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে।
জৈন্তাবার্তা/সুলতানা




