ছবি:সংগৃহীত
ছুটি নিয়ে নানা নাটকীয়তার পর পবিত্র রমজান মাসের পুরোটাই সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা ও প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়।
বুধবার রাতে এ সিদ্ধান্ত জানিয়ে সংশোধিত ছুটির তালিকা ও বর্ষপঞ্জি প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। এই তালিকা অনুযায়ী, পবিত্র রমজান মাস ও পবিত্র ঈদুল ফিতর এবং স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার থেকে আগামী ২৬ মার্চ পর্যন্ত বিদ্যালয়ে ছুটি থাকবে।
আগের শিক্ষাপঞ্জি ও ছুটির তালিকা অনুযায়ী, আগামী ৮ মার্চ থেকে প্রতিষ্ঠানগুলোতে রমজান ও ঈদুল ফিতরের ছুটির কথা ছিল। এর আগে গত রবিবার এক রিটের পরিপ্রেক্ষিতে বিচারপতি ফাহমিদা ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চ ১৮ ফেব্রুয়ারি থেকে সরকারি-বেসরকারি নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দেন। তবে রমজান মাসে কোনো পরীক্ষা থাকলে তা যথাসময়ে অনুষ্ঠিত হবে বলেও নির্দেশ দেওয়া হয়। পবিত্র রমজান মাসে মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশনা চেয়ে গত ২০ জানুয়ারি রিটটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইলিয়াছ আলী ম-ল। এর আগে একই বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




