ছবি:সংগৃহীত
হবিগঞ্জের মাধবপুরে মাদকবিরোধী অভিযানে আড়াই লাখ টাকার বেশি মূল্যের ৭৩ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে এ অভিযান পরিচালনা করে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিশেষ টহল জোরদার করা হয়। রাতের অভিযানে সীমান্ত থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভান্ডারুয়া এলাকায় কয়েকজন চোরাকারবারীকে বস্তাভর্তি মালামাল নিয়ে প্রবেশ করতে দেখে টহলদল ধাওয়া দেয়। এ সময় পাচারকারীরা বস্তাগুলো ফেলে দ্রুত পালিয়ে যায়।
পরে ফেলে যাওয়া বস্তাগুলো তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় ৭৩ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ২ লাখ ৫৫ হাজার ৫০০ টাকা।
৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল তানজিলুর রহমান জানান, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে তাদের কঠোর অবস্থান অব্যাহত রয়েছে। যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা এবং দেশের অর্থনীতিকে সুরক্ষিত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। একই সঙ্গে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানো এবং জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয়দের সহযোগিতা কামনা করেছে বিজিবি।
জব্দকৃত মাদক আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে বলে জানিয়েছে বিজিবি।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




