ছবি:সংগৃহীত
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, সরকার আগামী পাঁচ বছরে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা নিয়েছে। শিগগিরই এই বৃহৎ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। একই সঙ্গে খালের দুই পাড়ে বনায়ন কর্মসূচিও বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি।
রোববার দুপুরে নিজের নির্বাচনী এলাকা বরিশালের গৌরনদী উপজেলার শরিকল ইউনিয়নে একটি খাল খনন প্রকল্পের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী জানান, খাল খনন কর্মসূচি নিয়ে ইতোমধ্যে মন্ত্রিসভায় আলোচনা হয়েছে। আনুষ্ঠানিকভাবে সারাদেশে একযোগে কাজ শুরু করতে কিছুটা সময় লাগতে পারে। বর্তমানে যে প্রকল্পগুলো চলমান রয়েছে, সেগুলো পরবর্তীতে বৃহৎ জাতীয় প্রকল্পের আওতায় আনা হবে।
বনায়ন ও পরিবেশ সুরক্ষায় জোর
মন্ত্রী বলেন, খালের দুই পাড়ে বৃক্ষরোপণ করা হবে। পাশাপাশি দেশের সব বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও উন্মুক্ত স্থানে বনায়ন কর্মসূচি নেওয়ার পরিকল্পনা রয়েছে। তিনি উল্লেখ করেন, বাংলাদেশ পৃথিবীর অন্যতম জনঘনবসতিপূর্ণ দেশ। শিল্পায়ন ও নগরায়নের ফলে ফসলি জমি ও বনভূমি কমে যাওয়ায় জলবায়ু ও পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে। তাই খাল খনন ও বনায়নকে সমন্বিতভাবে বাস্তবায়ন করা হবে।
প্রধানমন্ত্রীর পরিকল্পনা বাস্তবায়ন
প্রধানমন্ত্রী তারেক রহমান-এর ‘আই হ্যাভ আ প্ল্যান’ বক্তব্য উদ্ধৃত করে জহির উদ্দিন স্বপন বলেন, ক্ষমতায় আসার পর থেকেই সরকার পরিকল্পনাগুলো বাস্তবায়নে কাজ শুরু করেছে। খাল খনন, বনায়ন ও নারীর ক্ষমতায়ন-এগুলোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এর সময়কার খাল খনন কর্মসূচির সুফল দেশবাসী পেয়েছিল। পরবর্তী সময়ে খালগুলো ভরাট হয়ে যাওয়ায় কৃষি উৎপাদনে ব্যাঘাত ঘটে। বর্তমান সরকার সেই ধারাবাহিকতা বজায় রেখে নতুন করে খাল খনন কর্মসূচি শুরু করেছে, যাতে জোয়ার-ভাটার পানি সরাসরি কৃষিজমিতে পৌঁছাতে পারে।
নির্বাচনী ব্যবস্থা প্রাতিষ্ঠানিক করার অঙ্গীকার
বিএনপি নির্বাচনী ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চায় উল্লেখ করে মন্ত্রী বলেন, দলীয় রাষ্ট্র নয়-জনগণের সরকার গঠনের লক্ষ্য নিয়েই তারা কাজ করছে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




