ছবি:সংগৃহীত
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. আমিনুল ইসলাম।
সোমবার (আজ) বেলা ২টা ২০ মিনিটের দিকে বিদায়ী চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন তিনি।
এর আগে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, চিফ প্রসিকিউটর হিসেবে তাজুল ইসলামের নিয়োগ বাতিল করা হয়েছে। একই প্রজ্ঞাপনে নতুন চিফ প্রসিকিউটর হিসেবে মো. আমিনুল ইসলামের নিয়োগের কথা উল্লেখ করা হয়।
প্রজ্ঞাপন জারির পর বেলা ২টার দিকে ট্রাইব্যুনালে প্রবেশ করেন আমিনুল ইসলাম। তিনি সরাসরি চিফ প্রসিকিউটরের কার্যালয়ে যান। সে সময় তাজুল ইসলাম চিফ প্রসিকিউটরের আসনে বসে ছিলেন এবং তাঁর সামনের চেয়ারে বসেন আমিনুল ইসলাম। পরে ফুল দিয়ে বিদায়ী চিফ প্রসিকিউটরকে শুভেচ্ছা জানান তিনি।
দুজন প্রয়োজনীয় নথিপত্রে স্বাক্ষর সম্পন্ন করেন। আনুষ্ঠানিকতা শেষে তাজুল ইসলাম নিজ হাতে আমিনুল ইসলামকে চিফ প্রসিকিউটরের চেয়ারে বসিয়ে দায়িত্ব হস্তান্তর করেন।
মো. আমিনুল ইসলাম সুপ্রিম কোর্টের আইনজীবী। তিনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য এবং কেন্দ্রীয় কমিটির সহসভাপতির দায়িত্ব পালন করেছেন।
উল্লেখ্য, সুপ্রিম কোর্টের আইনজীবী তাজুল ইসলামকে ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দিয়েছিল তৎকালীন অন্তর্বর্তী সরকার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত বিএনপি সরকার তাঁর নিয়োগ বাতিল করে নতুন করে আমিনুল ইসলামকে এ পদে নিয়োগ দিল।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




