ছবি:সংগৃহীত
শীতকালীন সবজির ভরা মৌসুমে বাজারে সরবরাহ বেড়েছে। ফলে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলাসহ বিভিন্ন এলাকায় সবজির দাম কমে ক্রেতাদের মাঝে স্বস্তি ফিরেছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) জগন্নাথপুর বাজার, সৈয়দপুর বাজার, ভবের বাজার ও মিরপুর বাজার ঘুরে এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।
বাজারে পুরোনো পেঁয়াজের সরবরাহ প্রায় শেষ। বর্তমানে নতুন মৌসুমের মুড়িকাটা পেঁয়াজ বিক্রি হচ্ছে। মৌসুমের শুরুতে নতুন পেঁয়াজের কেজি ছিল ১৩০ থেকে ১৫০ টাকা। এখন তা কমে ৬০ থেকে ৭০ টাকায় নেমেছে। আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ থেকে ৭৫ টাকায়। অর্থাৎ কয়েক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম প্রায় অর্ধেকে নেমে এসেছে।
আলুর ক্ষেত্রেও একই চিত্র। নতুন আলু বাজারে আসার পর কেজি ছিল ১০০ টাকার বেশি। বর্তমানে তা কমে ২০ থেকে ২৫ টাকায় বিক্রি হচ্ছে। গত এক সপ্তাহেই আলুর দাম কেজিপ্রতি প্রায় ১০ টাকা কমেছে।
মাস দেড়েক আগেও অধিকাংশ সবজির কেজি ছিল ১০০ থেকে ১৫০ টাকার মধ্যে। এখন বেশির ভাগ শীতকালীন সবজি ৫০ টাকার নিচে পাওয়া যাচ্ছে। তবে মৌসুমবহির্ভূত কিছু সবজি এখনও ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে।
বাজারে পর্যাপ্ত সরবরাহ রয়েছে টমেটো, শিম, মুলা, শালগম, বেগুন, ফুলকপি, বাঁধাকপি ও ব্রকলির। দেশি টমেটো কেজি ৭০ থেকে ৮০ টাকা, শিম ৪০ থেকে ৬০ টাকা এবং বেগুন ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। মুলা, শালগম ও পেঁপে কেজি ৩০ টাকায় পাওয়া যাচ্ছে। বড় আকারের ফুলকপি ও বাঁধাকপি ২০ থেকে ৪০ টাকা প্রতি পিস এবং ব্রকলি ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে।
তবে করলা, পটোল, বরবটি, চিচিঙ্গা ও ধুন্দুলের দাম তুলনামূলক বেশি। এসব সবজি ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে।
বাজারে ব্রয়লার মুরগি কেজি ১৮০ টাকা, সোনালি মুরগি ২৮০ থেকে ৩০০ টাকা এবং ডিম প্রতি ডজন ১২০ টাকায় বিক্রি হয়েছে। বিক্রেতারা জানান, গত দুই সপ্তাহ ধরে মাছ, গরুর মাংস, চালসহ অধিকাংশ নিত্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে।
জগন্নাথপুর বাজারের সবজি ব্যবসায়ী সেলন ভাণ্ডারী জানান, শীতের সবজির দাম কম থাকায় বেচাকেনা বাড়ে, এতে বিক্রেতারাও লাভবান হন।
স্থানীয় বাসিন্দা ফয়সল আহমেদ বলেন, ‘আমাদের আয় সীমিত। সবজির দাম কমলে সংসার চালাতে কিছুটা স্বস্তি পাই।’
জগন্নাথপুর বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক মশাহিদ ভূঁইয়া বলেন, বর্তমানে বাজারে সবজির দাম কম এবং সরবরাহ স্বাভাবিক রয়েছে।
সব মিলিয়ে শীতকালীন সবজির পর্যাপ্ত সরবরাহে বাজারে ইতিবাচক প্রভাব পড়েছে, যা সাধারণ মানুষের জন্য স্বস্তির বার্তা নিয়ে এসেছে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




