ছবি:সংগৃহীত
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় অভিযান চালিয়ে ৭২ বোতল বিদেশি মদসহ মো. জীবন মিয়া (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
র্যাব-৯, সিপিসি-৩ সুনামগঞ্জ ক্যাম্প সূত্র জানায়, বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজার থানাধীন বাংলাবাজার ইউনিয়নের মওলারপাড় এলাকায় অভিযান চালানো হয়। খবর ছিল, ওই এলাকার জীবন মিয়ার বাড়ির পুকুরের দক্ষিণ পাড়ে কয়েকজন ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন।
র্যাবের একটি আভিযানিক দল রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি নিজের কাছে বিদেশি মদ থাকার কথা স্বীকার করেন।
পরবর্তীতে তার হেফাজতে থাকা একটি বাদামি রঙের প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ৭২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। গ্রেপ্তার জীবন মিয়া দোয়ারাবাজার উপজেলার মওলারপাড় এলাকার বাসিন্দা। তার পিতার নাম মৃত অহেদ আলী।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, সীমান্তবর্তী এলাকা থেকে বিদেশি মদ সংগ্রহ করে বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিলেন।
এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে। গ্রেপ্তার ব্যক্তি ও জব্দকৃত আলামত দোয়ারাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




