ছবি:সংগৃহীত
বাংলাদেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে যুক্তরাজ্য ও ভারতের সঙ্গে বাণিজ্য সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বিশেষ করে সিলেটের চা শিল্পের আধুনিকায়ন ও তথ্যপ্রযুক্তি খাতে ব্রিটিশ বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান তিনি।
সোমবার (২ মার্চ) সচিবালয়ে নিজ দপ্তরে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক এবং ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা-এর সঙ্গে পৃথক বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান মন্ত্রী।
চা শিল্প ও আইটি খাতে বিনিয়োগের আহ্বান
ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বৈঠকে বাণিজ্যমন্ত্রী বলেন, সিলেটের চা বাগানে বিনিয়োগের ব্যাপক সম্ভাবনা রয়েছে। যুক্তরাজ্যের ঐতিহাসিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে এ খাতের আধুনিকায়ন ও উৎপাদন বৃদ্ধি সম্ভব। এতে কর্মসংস্থান সৃষ্টি এবং পর্যটন শিল্পের বিকাশ ঘটবে।
এছাড়া গ্যাস সংকটের কারণে সার কারখানাগুলো সারা বছর সচল রাখতে এলপিজিভিত্তিক প্রযুক্তিতে ব্রিটিশ বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
জবাবে সারাহ কুক বাংলাদেশের ট্রেড নেগোসিয়েশন পুলের কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধিতে সহায়তার আগ্রহ প্রকাশ করেন। তিনি চা শিল্প ছাড়াও সীফুড, লেদার প্রসেসিং ও লাইট ইঞ্জিনিয়ারিং খাতে যুক্তরাজ্যের বিনিয়োগকারীদের আগ্রহের কথা তুলে ধরেন।
ভারতের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে জোর
দুপুরে ভারতের হাইকমিশনারের সঙ্গে বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ, প্রযুক্তি আদান-প্রদান এবং বন্ধ থাকা সীমান্ত বন্দরগুলো পুনরায় চালুর বিষয়ে আলোচনা হয়। যদিও দ্বিপক্ষীয় মুক্ত বাণিজ্য চুক্তি (সেফা) নিয়ে কোনো চূড়ান্ত আলোচনা হয়নি বলে জানান মন্ত্রী।
তিনি বলেন, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পেলে দুই দেশের ব্যবসায়ীরাই উপকৃত হবেন।
হরমুজ প্রণালি পরিস্থিতি নিয়ে সতর্ক অবস্থান
মধ্যপ্রাচ্যের হরমুজ প্রণালি ঘিরে আন্তর্জাতিক অস্থিরতা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্য ও জ্বালানি সরবরাহ নিয়ে সরকার সতর্ক রয়েছে। তবে এখনই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
বৈঠকে বাণিজ্য প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এবং অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. আবদুর রহিম খান উপস্থিত ছিলেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




