সংগৃহীত
কিশোরগঞ্জ শহরের হৃদপিন্ডখ্যাত ইসলামিয়া সুপার মার্কেটে অগ্নিকাণ্ডে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।আজ শনিবার ভোর সাড়ে ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা গেছে, শহরের স্টেশন রোডস্থ ইসলামিয়া সুপার মার্কেটে অগ্নিকাণ্ড সংঘটিত হলে দোকান মালিকরা ঘটনাস্থলে ছুটে আসেন। এ সময় ৯৯৯ নাম্বারে ফোন দিয়ে অগ্নিকাণ্ডের খবর জানানোর পর দ্রুত সময়ের মধ্যেই ফায়ার স্টেশন থেকে ফায়ারম্যানরা ছুটে আসেন এবং স্বল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।এদিকে জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এদিন স্মার্টফোনের মালিক হিমেল জানান, তার দোকানের বিভিন্ন ব্র্যান্ডের প্রায় ১৫ লক্ষ টাকার মোবাইল সেট ও এতদ সংশ্লিষ্ট মালামাল পুড়ে গেছে। সময় পাশের দোকান শাহানা মেডিকেল হলে আগুনের তীব্র তাপে ৩ লক্ষাধিক টাকার ঔষধ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান মেডিকেল হলটির মালিক আক্তার হোসেন।
এ ব্যাপারে ফায়ার সার্ভিস ও সিভিলে ডিফেন্সের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. মোমেন মুর্শেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘পৌনে ৬টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিক আমরা ঘটনাস্থলে যাই এবং দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।’তিনি বলেন, ‘সম্ভবত শর্ট সার্কিট থেকে ওই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় এবং ১৫ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে।’
তিনি জানান, মার্কেটে প্রাথমিক অগ্নিনির্বাপণের জন্য নূন্যতম যন্ত্রপাতি নেই, পানির ব্যবস্থাও নেই। তিনি আরও জানান, কিশোরগঞ্জের প্রায় প্রতিটি মার্কেটেরই একই অবস্থা বিরাজ করছে।
জৈন্তাবার্তা/সুলতানা




