ছবি:সংগৃহীত
সুনামগঞ্জের তাহিরপুরে এশিয়ার বৃহত্তম শিমুল বাগান রক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাদাঘাট ইউনিয়নের যাদুকাটা নদী সংলগ্ন শিমুল বাগানের সামনে স্থানীয় এলাকাবাসীর আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শত শত মানুষ অংশগ্রহণ করে একাত্মতা জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে একটি বালুখেকো চক্র শিমুল বাগান সংলগ্ন নদীর পাড় কেটে নিয়ে যাচ্ছে। আরও নিয়ে গেলে এই শিমুল বাগান বিলীন হয়ে যাবে। শুধু শিমুল বাগানই না, কয়েকটি গ্রামও বিলীন হয়ে যাবে। এরই মধ্যে ঘরবাড়ি বিলীন হয়ে হাজার হাজার পরিবার এলাকা ছেড়ে অন্যত্র চলে গেছে। এ ছাড়াও এলাকার প্রকৃতি, পরিবেশ, প্রতিবেশ, জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। আইন প্রয়োগ ছাড়া পাড় কাটা বন্ধ হবে না, শিমুল বাগানও রক্ষা হবে না।
তারা আরও বলেন, প্রশাসনের পক্ষ থেকে এখনই জোরালো পদক্ষেপ গ্রহণ করা না হলে পর্যটনকেন্দ্রটি বিলীন হয়ে যাবে। তাই এখনই প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি বাড়ানো ও জড়িতদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করতে হবে।
মানববন্ধনে বক্তব্য দেন তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাখাব উদ্দিন, উত্তর বড়দল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনাম উদ্দিন তালুকদার, যুবদলের সভাপতি আক্তার হোসেন, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব ডা. হাবিবুর রহমান, উত্তর বড়দল ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি দুলাল মিয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




