ছবি:সংগৃহীত
সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় ঈদের আনন্দে ঘুরতে যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও এক বন্ধু গুরুতর আহত হয়েছেন। রোববার (২২ মার্চ) দুপুরে সুনামগঞ্জ-দিরাই সড়কের শান্তিগঞ্জ উপজেলার গাগলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-শান্তিগঞ্জ উপজেলার মুক্তাখাই গ্রামের আক্কেল আলীর ছেলে সাইদুল ইসলাম (৩০) ও একই গ্রামের মৃত উকিল আলীর ছেলে সাফিকুল ইসলাম (২৮)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সাইদুল ইসলাম মোটরসাইকেলে করে দুই বন্ধুকে নিয়ে তাহিরপুর উপজেলার পর্যটন কেন্দ্র শিমুল বাগানে ঘুরতে যাচ্ছিলেন। পথে গাগলী এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং তিন আরোহী গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাফিকুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে সাইদুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে বিকেল পাঁচটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।
সুনামগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আমজাদ হোসেন জানান, আহতদের মধ্যে একজন হাসপাতালে আনার আগেই মারা গিয়েছিলেন এবং গুরুতর আহত আরেকজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলি উল্যাহ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
মর্মান্তিক এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঈদের আনন্দ মুহূর্তেই রূপ নিয়েছে গভীর বেদনায়।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




