ছবিঃ নিজস্ব
সুনামগঞ্জের ছাতক উপজেলার দোলারবাজার ইউনিয়নের দক্ষিণ কুর্শি গ্রামে গরু চুরির অপরাধকে কেন্দ্র করে উত্তেজিত বিক্ষুদ্ধ জনতা কর্তৃক হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে।
চুরের বাড়িতে হামলা ভাংচুর করার ভিডিও ফেইসবুকে ভাইরাল হওয়ায় এই নিয়ে আলোচনা সমালোচনার ঝড় বইছে।
আজ বুধবার (২৫ মার্চ) দুপুরে অভিযুক্তদের বাড়িঘর গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি নারী ও শিশুর ওপর হামলার ভিডিও চিত্র এখন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক ভাইরাল হয়েছে। এই ঘটনাটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ কুর্শি গ্রামের কয়েকজন ব্যক্তি দীর্ঘদিন ধরে চুরির সঙ্গে জড়িত বলে অভিযোগ করে আসছিলেন গ্রামের স্থানীয়রা। তাদের কর্মকান্ডে অতিষ্ঠ হয়ে গ্রামের পঞ্চায়েত একাধিকবার সতর্ক করেন, এমনকি ভবিষ্যতে চুরির ঘটনায় ধরা পড়লে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছিল। চুরির অপরাধের কারণে দক্ষিণ কুর্শি গ্রামের আব্দুল হকের ছেলে তারেক মিয়া ও আব্দুল খালিকের ছেলে আলী হোসেনের বাড়িতে হামলা ভাংচুর এর ঘটনা ঘটেছে।
সম্প্রতি দোলারবাজার ইউনিয়নের উত্তর কুর্শি গ্রামে মো.দুলন মিয়ার বাড়িতে গরুসহ একজন চোরকে হাতে-নাতে আটক করা হয়। এরই জেরে বুধবার দুপুরে বিক্ষুদ্ধ জনতা অভিযুক্তদের বাড়িতে হামলা চালিয়ে বসতঘর ও আসবাবপত্র ভাঙচুর করে।
ভিডিওতে দেখা যায়, হামলার সময় তারেক মিয়ার বাড়িতে তার স্ত্রী সন্তানদের নিয়ে বাড়ি রক্ষার চেষ্টা করছেন। উত্তেজিত জনতা ইট-পাটকেল নিক্ষেপ করলে তারেক মিয়ার স্ত্রী ও শিশু সন্তান আহত হন। বাড়ির জিনিসপত্র ভাঙচুরের পাশাপাশি কিছু মালামাল সরিয়ে নেয়ার হচ্ছে। এ ঘটনার দুটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া নিয়ে নেটিজেনদের মধ্যে চলছে তীব্র আলোচনা সমালোচনা চলছে।
অনেকেই মন্তব্য করেছেন, চুরির অপরাধের শাস্তি আইন অনুযায়ী হওয়া উচিত, কিন্তু বাড়িঘরে হামলা ও নিরীহ পরিবারের ওপর আক্রমণ কোনো ভাবেই গ্রহণযোগ্য নয়। এটি সভ্য সমাজের পরিপন্থী এবং বর্বরোচিত আচরণ। এবিষয়ে দোলারবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আলম বলেন, ঘটনার কথা শুনে প্রশাসনকে অবহিত করেছি।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। চুরি করলে তার জন্য আইনগত শাস্তির ব্যবস্থা আছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
জৈন্তাবার্তা/সুলতানা




