সংগৃহিত
ফরিদপুর সদর উপজেলার তাম্বুলখানা এলাকায় স্ত্রীকে কেরোসিন দিয়ে পুড়িয়ে হত্যার দায়েস্বামীর আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার দুপুর ১২টার দিকে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে পুলিশ পাহারায় ফরিদপুর জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।
আমৃত্যু কারাদণ্ড প্রাপ্ত রাশেদ মোল্লা সদর উপজেলার তাম্বুলখানা এলাকার লতিফ মোল্লার ছেলে।মামলা সূত্রে জানা যায়, ২০২০ সালের ১৬ জুলাই যৌতুকের জন্য রাশেদ মোল্লা তার স্ত্রীকে বেধরক মারপিট করে। পরবর্তীতে গায়ে কেরোসিন ঢেলে গায়ে আগুন ধরিয়ে দেয়। পরবর্তীতে এলাকাবাসী এগিয়ে এসে তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসারত অবস্থায় রাশেদের স্ত্রীর অবস্থার অবনতি হলে ঢাকায় প্রেরণ করা হয়। এরপর চিকিৎসারত অবস্থায় ঢাকায় মৃত্যুবরণ করেন।
পরবর্তীতে নিহতের ভাই জলিল শেখ বাদী হয়ে পরদিন ১৭ জুলাই কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করে। সেই মামলায় দীর্ঘ শুনানি শেষে আদালত আজ এ রায় প্রদান করেন।ঘটনার সত্যতা নিশ্চিত করে আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) গোলাম রব্বানী বলেন, ‘নারী ও শিশু নির্যাতন দমন আইনে অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দিয়েছেন।’
তিনি আরও বলেন, ‘ঘটনাটি অত্যন্ত ন্যাক্কারজনক। সুস্থ সমাজে এটি কাম্য নয়। আজকের এই রায়ে আমরা সন্তুষ্ট।’
জৈন্তাবার্তা/সুলতানা




