ছবি:সংগৃহীত
বাঙালির প্রাণের উৎসব পয়লা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ উপলক্ষে প্রস্তুতি শুরু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ প্রাঙ্গণে এ প্রস্তুতি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সায়মা হক বিদিশা। চারুকলা অনুষদের ডিন অধ্যাপক মো. আজহারুল ইসলাম শেখ-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত শিল্পী অধ্যাপক আবদুস সাত্তার।
উদ্বোধনী বক্তব্যে অধ্যাপক সায়মা হক বিদিশা বলেন, বাঙালির এই সর্বজনীন উৎসবকে সফল করতে ইতোমধ্যে বিভিন্ন কমিটির মাধ্যমে প্রাথমিক প্রস্তুতি শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবরের মতোই শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে নববর্ষ উদ্যাপনে বদ্ধপরিকর।
তিনি উৎসবের সার্বিক প্রস্তুতিতে সংশ্লিষ্ট অনুষদের শিক্ষক, শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীদের (অ্যালামনাই) আন্তরিক প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানান এবং সবার সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদসহ সহকারী প্রক্টররা, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও শিল্পীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনের পর থেকেই চারুকলা প্রাঙ্গণে উৎসবের আমেজে শুরু হয়েছে শিল্পীদের কর্মব্যস্ততা। জানা গেছে, পর্যায়ক্রমে মঙ্গল শোভাযাত্রার মূল কাঠামো নির্মাণসহ বিভিন্ন শিল্পকর্ম তৈরির কাজ এগিয়ে নেওয়া হবে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




