ছবি:সংগৃহীত
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত এক চিকিৎসকের বিরুদ্ধে সরকারি সেবা উপেক্ষা করে রোগীদের বাইরের ডায়াগনস্টিক সেন্টারে আল্ট্রাসনোগ্রাফি করাতে প্ররোচিত করার অভিযোগ উঠেছে। এতে দরিদ্র রোগীরা সরকারি হাসপাতালে স্বল্পমূল্যে বা বিনামূল্যে সেবা পাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ ভুক্তভোগীদের। অভিযুক্ত চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদৌস হাসপাতালের শিশু বিভাগে কর্মরত।
ভুক্তভোগীদের অভিযোগ, দূর-দূরান্ত থেকে আসা রোগীরা হাসপাতালে আল্ট্রাসনোগ্রাফি করাতে গেলে নানা অজুহাতে তাদের ফিরিয়ে দেওয়া হয়। কখনো মেশিন নষ্ট, আবার কখনো রিপোর্ট নির্ভুল হবে না-এমন কথা বলে রোগীদের নির্দিষ্ট কিছু বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে যেতে বলা হয়।
তাদের দাবি, ওইসব ডায়াগনস্টিক সেন্টারে গেলে সংশ্লিষ্ট চিকিৎসক নিজেই উপস্থিত থেকে আল্ট্রাসনোগ্রাফি করেন। ফলে রোগীদের অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে এবং সরকারি সেবার সুবিধা থেকে তারা বঞ্চিত হচ্ছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন রোগী জানান, হাসপাতালে চিকিৎসককে অনেক সময় পাওয়া যায় না, অথচ পাশের ডায়াগনস্টিক সেন্টারে তাকে সক্রিয়ভাবে কাজ করতে দেখা যায়। সেখানে অর্থ দিলে দ্রুত সেবা পাওয়া গেলেও হাসপাতালে দীর্ঘসময় অপেক্ষা করেও কাঙ্ক্ষিত সেবা মেলে না বলে অভিযোগ করেন তারা।
অভিযুক্ত চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদৌস অভিযোগের বিষয়ে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কথা বলতে অপারগতা প্রকাশ করেছেন।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা কৃপেশ রায় বলেন, ‘অভিযুক্ত চিকিৎসক এ ধরনের কাজ করতে পারেন না। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




