আজমিরীগঞ্জে কালনী নদী থেকে হাত-পা বাঁ*ধা অবস্থায় কিশোরীর ম*রদেহ উদ্ধার
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:২৭ AM

আজমিরীগঞ্জে কালনী নদী থেকে হাত-পা বাঁ*ধা অবস্থায় কিশোরীর ম*রদেহ উদ্ধার

আশিকুর রহমান, আজমিরীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০১/০৪/২০২৬ ১০:২৬:৪৫ PM

আজমিরীগঞ্জে কালনী নদী থেকে হাত-পা বাঁ*ধা অবস্থায় কিশোরীর ম*রদেহ উদ্ধার

সংগৃহিত


হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার কালনী নদী থেকে নিখোঁজের দুই দিন পর এক কিশোরীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি উপজেলার ২নং বদলপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পিটুয়ারকান্দি গ্রামে ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩০ মার্চ (সোমবার) সন্ধ্যার পর সামিরুন আক্তার (১২) নামের ওই কিশোরী নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

বুধবার (১ এপ্রিল) দুপুরে গ্রামের এক কিশোর কালনী নদীতে গোসল করতে গিয়ে একটি ভাসমান মরদেহ দেখতে পায়। পরে সে গ্রামে খবর দিলে স্থানীয়রা ঘটনাস্থলে এসে বাঁশ দিয়ে মরদেহটি তীরে নিয়ে আসেন। তখন তারা দেখতে পান, মরদেহটি নিখোঁজ সামিরুন আক্তারের এবং তার হাত-পা বাঁধা, শরীরে কোনো বস্ত্র ছিল না।

নিহত সামিরুন পূর্ব পিটুয়ারকান্দি গ্রামের মৃত নবি মিয়ার মেয়ে। তিনি পরিবারের পঞ্চম সন্তান। স্থানীয়রা জানান, তাদের পরিবারের সঙ্গে কারও কোনো বিরোধ ছিল না।

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। তারা দ্রুত ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

খবর পেয়ে আজমিরীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। থানার অফিসার ইনচার্জ (ওসি) আকবর হোসেন জানান, হাত-পা বাঁধা অবস্থায় মরদেহ উদ্ধার হওয়ায় ঘটনাটি রহস্যজনক বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যার সন্দেহে তদন্ত শুরু করেছে পুলিশ।

জৈন্তা বার্তা / ওয়াদুদ