জগন্নাথপুরে ষাঁড়ের ল*ড়াইয়ের অনুমোদন চেয়ে মানববন্ধন
শনিবার, ০২ মে ২০২৬, ০৩:০২ AM

জগন্নাথপুরে ষাঁড়ের ল*ড়াইয়ের অনুমোদন চেয়ে মানববন্ধন

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ০২/০৪/২০২৬ ১২:০০:৫১ AM

জগন্নাথপুরে ষাঁড়ের ল*ড়াইয়ের অনুমোদন চেয়ে মানববন্ধন

ছবি:সংগৃহীত


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের মোহাম্মদগঞ্জ বাজার এলাকায় ষাঁড়ের লড়াই আয়োজনের অনুমোদন চেয়ে মানববন্ধন করেছে স্থানীয় আয়োজন কমিটি। বুধবার (১ এপ্রিল) বিকাল ৩টায় বাজারের একটি পয়েন্টে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন ষাঁড়ের লড়াই বাস্তবায়ন কমিটির সভাপতি খালিছ মিয়া চৌধুরী। পরিচালনা করেন কমিটির সিনিয়র সদস্য মুয়াদ খাঁন। এতে বক্তব্য দেন সাধারণ সম্পাদক মো. রফিক উদ্দিন ও সদস্য কামরুল হোসেন।

বক্তারা বলেন, ষাঁড়ের লড়াই গ্রামবাংলার একটি পুরোনো ঐতিহ্য, যা দীর্ঘদিন ধরে স্থানীয়ভাবে আয়োজন হয়ে আসছে। তারা অভিযোগ করেন, নিয়ম অনুযায়ী আবেদন করার পরও গত বছর থেকে এ আয়োজনের অনুমোদন দেওয়া হচ্ছে না। এতে সাংস্কৃতিক চর্চা বাধাগ্রস্ত হচ্ছে বলে তারা দাবি করেন।

তারা আরও বলেন, অতীতের মতো এবারও শৃঙ্খলা বজায় রেখে নিরাপদভাবে আয়োজন সম্পন্ন করা সম্ভব। জগন্নাথপুরসহ আশপাশের এলাকার মানুষ এ আয়োজনের অনুমতি প্রত্যাশা করছেন।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন জাহান মিয়া, সুমন মিয়া, জুবের আহমদ, জাহির মিয়া, শাহ জাহান মিয়া, হাবিব আহমদ রফিক, সাইফুল ইসলাম, রুমেল মিয়া, সেগুল মিয়া, মাহমদ মিয়া, সোহেল মিয়া ও হারুন মিয়া প্রমুখ।

এ বিষয়ে সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াছ মিয়া বলেন, ষাঁড়ের লড়াই আইনগতভাবে নিষিদ্ধ। তাই এ ধরনের আয়োজনের অনুমোদন দেওয়া হয়নি। আইন সবার জন্য প্রযোজ্য এবং তা মেনে চলতে হবে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ