মাধবপুরে সমাজকল্যাণ মন্ত্রণালয়কে জমি দিলেন মুক্তিযোদ্ধা রমিজ উদ্দিন খাঁন
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:২৭ AM

মাধবপুরে সমাজকল্যাণ মন্ত্রণালয়কে জমি দিলেন মুক্তিযোদ্ধা রমিজ উদ্দিন খাঁন

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০৪/২০২৬ ১২:৪২:১৫ PM

মাধবপুরে সমাজকল্যাণ মন্ত্রণালয়কে জমি দিলেন মুক্তিযোদ্ধা রমিজ উদ্দিন খাঁন


হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সমাজকল্যাণমূলক কার্যক্রম সম্প্রসারণে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী বীর মুক্তিযোদ্ধা রমিজ উদ্দিন খাঁন। তিনি সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জন্য নিজ মালিকানাধীন ৪৬ শতক জমি দান করেছেন।

জানা গেছে, উপজেলার বাঘাসুরা ইউনিয়নের খাহুরা গ্রামের এই জমির আনুমানিক মূল্য ১৭ লাখ ৫ হাজার টাকা। জমিটি ব্যবহার করে সরকার বৃদ্ধ নিবাস, শিশু পরিবার, দুস্থ শিশু ও নারী পুনর্বাসন কেন্দ্র, ভবঘুরে আশ্রয় কেন্দ্রসহ বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠান গড়ে তুলতে পারবে।

সম্প্রতি চারাভাঙ্গা সাব-রেজিস্ট্রি অফিসে জমির দানপত্র কবালা সম্পাদন করা হয়। কালিকাপুর মৌজার ৭ নম্বর জেএল নংভুক্ত জমির দলিল গ্রহীতা হিসেবে ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব। দাতা হিসেবে রমিজ উদ্দিন খাঁন নিজেই দলিলে স্বাক্ষর করেন। পরে তিনি দলিল ও প্রয়োজনীয় কাগজপত্র হবিগঞ্জ জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রাশেদুজ্জামান চৌধুরীর কাছে হস্তান্তর করেন। এ সময় মাধবপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইশমাম সাফিক চৌধুরী উপস্থিত ছিলেন।

দলিল সম্পাদনের পর রমিজ উদ্দিন খাঁন বলেন, সমাজের কল্যাণে ব্যবহার হবে— এই প্রত্যাশা থেকেই জমিটি দান করেছি। আমার জীবদ্দশায় এখানে একটি সেবামূলক প্রতিষ্ঠান গড়ে উঠুক, সেটিই আমার কামনা।

তিনি জনসেবামূলক কাজে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।

হবিগঞ্জ জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রাশেদুজ্জামান চৌধুরী বলেন, এটি একটি মহৎ উদ্যোগ। মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের মধ্যে যেকোনো একটি স্থাপনের জন্য প্রস্তাব পাঠানো হবে। আশা করছি, জমিটি জনকল্যাণে ব্যবহৃত হবে।

প্রসঙ্গত, দানকৃত জমির পাশেই শিক্ষা বিস্তারে রমিজ উদ্দিন খাঁন প্রতিষ্ঠা করেছেন ‘রমিজ খাঁন দাখিল মাদ্রাসা’। প্রায় ৬২ শতক জমির ওপর গড়ে ওঠা এই প্রতিষ্ঠানে তিনি নিয়মিত অনুদান দিয়ে আসছেন। পাশাপাশি তার পারিবারিক ফাউন্ডেশনের মাধ্যমে এলাকায় শিক্ষা বৃত্তি প্রদানসহ বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। ভবিষ্যতে এলাকায় কলেজ, টেকনিক্যাল প্রতিষ্ঠান এবং একটি মসজিদ নির্মাণের পরিকল্পনাও রয়েছে তার।

জৈন্তা বার্তা/আরআর