ছবি:সংগৃহীত
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সরকার ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ এবং সে লক্ষ্যে নীতিগত ও প্রাতিষ্ঠানিক সহায়তা জোরদার করা হচ্ছে। নতুন আমদানি নীতি (ইমপোর্ট পলিসি) চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং শিগগিরই তা উন্মুক্ত করা হবে বলেও তিনি জানান।
রোববার (১৯ এপ্রিল) সকালে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন। বৈঠকে মন্ত্রী আরও জানান, বস্ত্র ও পাট, শিল্প এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সেবা সহজীকরণে ব্যবসায়ী প্রতিনিধিদের সমন্বয়ে পৃথক কমিটি গঠন করা হবে।
মন্ত্রী বলেন, ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা এবং তাদের দাবি-দাওয়া কার্যকরভাবে সরকারের কাছে উপস্থাপনে এফবিসিসিআই-এর ভূমিকা আরও শক্তিশালী ও সক্রিয় করতে হবে। ইতিবাচক ও গঠনমূলক চাপ সৃষ্টির মাধ্যমে নীতিগত সহায়তা আদায়ে সংগঠনটির কার্যকর ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন তিনি। তবে এফবিসিসিআইকে কোনোভাবেই রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের সুযোগ দেওয়া যাবে না বলেও সতর্ক করেন মন্ত্রী।
তিনি বলেন, ‘আমরা এমন একটি এফবিসিসিআই দেখতে চাই, যা প্রকৃত অর্থেই সকল ব্যবসায়ীর সম্মিলিত প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।’
তিনি আরও উল্লেখ করেন, সংগঠনটিকে গতিশীল ও ফলপ্রসূ করতে যোগ্য, দূরদর্শী ও উদ্যমী নেতৃত্ব প্রয়োজন এবং নেতৃত্ব অবশ্যই ব্যবসায়ীদের মধ্য থেকেই আসা উচিত।
এদিকে একই দিনে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং বৈঠক করেন। বৈঠকে বাংলাদেশ ও কানাডার মধ্যকার বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে বাণিজ্যমন্ত্রী জানান, সরকার নবায়নযোগ্য জ্বালানি খাতে দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে বিশেষ গুরুত্ব দিচ্ছে। ১০ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে ইতোমধ্যে কার্যক্রম শুরু হয়েছে এবং এ খাতে বিনিয়োগকারীদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। তিনি কানাডার উদ্যোক্তাদের বাংলাদেশে সৌর বিদ্যুৎ খাতে বিনিয়োগের আহ্বান জানান।
হাইকমিশনার অজিত সিং বলেন, বাংলাদেশ ও কানাডার মধ্যে বিদ্যমান সুদৃঢ় সম্পর্ক ভবিষ্যতে আরও সম্প্রসারিত হওয়ার সুযোগ রয়েছে। তিনি জানান, কানাডার বিনিয়োগকারীরা বাংলাদেশে এগ্রি-ফুড, ফিনটেক এবং নবায়নযোগ্য জ্বালানি—বিশেষ করে সৌর বিদ্যুৎ খাতে বিনিয়োগে আগ্রহী। দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের মাধ্যমে সম্পর্ক আরও দৃঢ় হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বৈঠকগুলোতে বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




