শনিবার সিলেটে আসছেন প্রধানমন্ত্রী, ব্যাপক প্রস্তুতি
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:২০ PM

শনিবার সিলেটে আসছেন প্রধানমন্ত্রী, ব্যাপক প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০/০৪/২০২৬ ১২:৫৭:২৬ PM

শনিবার সিলেটে আসছেন প্রধানমন্ত্রী, ব্যাপক প্রস্তুতি

ছবি : সংগৃহীত


আগামী শনিবার (২ মে) সিলেট সফরে আসছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। প্রধানমন্ত্রী হওয়ার পর এটাই তাঁর প্রথম সিলেট সফর।

তারেক রহমানের এই সফরকে কেন্দ্র করে সিলেট নগরীজুড়ে চলছে ব্যাপক প্রস্তুতি। দলীয় প্রধানকে স্বাগত জানাতে ও কর্মসূচি সফল করতে এখন রাতদিন ব্যস্ত সময় পার করছেন সিলেট জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বিভিন্ন দপ্তরের সঙ্গে স্থানীয় বিএনপি নেতাদের একাধিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও দেখা দিয়েছে উৎসাহ-উদ্দীপনা।

প্রধানমন্ত্রীর সিলেট সফরকে সফল করে তুলতে আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেল ৩টায় সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠ থেকে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে প্রচার মিছিল অনুষ্ঠিত হবে। মিছিলে মহানগর বিএনপির কার্যনির্বাহী কমিটির সকল সদস্য, থানা বিএনপির নেতৃবৃন্দ, মহানগরীর ৪২টি ওয়ার্ডের সকল পর্যায়ের নেতাকর্মী এবং মহানগর বিএনপির আওতাধীন সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক মো. ইমদাদ হোসেন চৌধুরী।

সফরসূচি থেকে জানা গেছে, শনিবার সকাল ১০টায় সিলেট ওসমানী বিমানবন্দরে এসে অবতরণ করবেন তারেক রহমান। এরপর সকাল সাড়ে ১০টায় তিনি হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। বেলা ১১টায় চাঁদনীঘাট এলাকায় জলাবদ্ধতা নিরসন প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। এরপর দুপুর ১২টায় বাসিয়া খাল পুনঃখনন কাজের সূচনা এবং বিকেলে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ প্রতিযোগিতার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এ ছাড়া প্রধানমন্ত্রী বিকেল ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামে আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করবেন। এরপর বিকেল ৫টায় সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় সভায় যোগ দেবেন। সন্ধ্যা ৭টায় বিমানযোগে ঢাকার উদ্দেশে রওনা হবেন তিনি।

সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, প্রধানমন্ত্রীর এই সফর রাজনৈতিকভাবে যেমন গুরুত্বপূর্ণ, তেমনি উন্নয়ন কার্যক্রমেও নতুন গতি আনবে। এতে দলীয় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে।

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর এই সফরের মাধ্যমে পিছিয়ে পড়া সিলেটের উন্নয়ন কার্যক্রমে নতুন গতি আসবে।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেন, সিলেটবাসী সবসময়ই জাতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের আগমনে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে এসেছে। প্রধানমন্ত্রী সিলেটের জামাতা হওয়ায় এ সফরকে ঘিরে জনগণের মধ্যে বাড়তি আগ্রহ ও উৎসাহ বিরাজ করছে। এই সফরকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষা, ট্রাফিক ব্যবস্থাপনা ও সার্বিক প্রস্তুতি গ্রহণে সংশ্লিষ্টরা কাজ করে যাচ্ছে। আমরা বিশ্বাস করি, প্রধানমন্ত্রীর এই সফর সিলেটের উন্নয়ন ও অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

অতিবৃষ্টি ও ঢলে তলিয়ে গেছে ধান, দিশাহারা লাখো কৃষক
শনিবার সিলেটে আসছেন প্রধানমন্ত্রী, ব্যাপক প্রস্তুতি
সিলেটসহ ৯ জেলার জন্য আবহাওয়া নিয়ে দুঃসংবাদ
সিলেটসহ ৯ জেলার জন্য দুঃসংবাদ
স্বর্ণ খাতকে সাদা অর্থনীতিতে আনতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী মুক্তাদির
তারেক রহমানের সিলেট সফর ঘিরে মহানগর স্বেচ্ছাসেবক দলের মিছিল
প্রধানমন্ত্রীর সিলেট সফরকে কেন্দ্র করে নগরীতে ড্রোন ও উড়োজাহাজ উড্ডয়নে নিষেধাজ্ঞা জারি
বরাম হাওরে বোরো ধান কাটার অগ্রগতি পরিদর্শনে সুনামগঞ্জের জেলা প্রশাসক
প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট আগমন ঘিরে মহানগর ছাত্রদলের স্বাগত মিছিল
রেজিস্ট্রেশনবিহীন অনলাইন নিউজ পোর্টাল ব*ন্ধে এসএমপির ৪৮ ঘণ্টার আল্টিমেটাম