সিলেট সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাই পণ্য জব্দ করেছে বিজিবির সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। এসব পণ্যের মূল্য প্রায় ৪৩ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।
শনিবার (২ মে) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বাধীন সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বাংলাবাজার, বিছনাকান্দি, প্রতাপপুর, সংগ্রাম, মিনাটিলা ও ডিবিরহাওর বিওপি’র সদস্যরা অংশ নেন।
অভিযানকালে ভারত থেকে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ মহিষ, জিরা, বাসমতি চাল, চিনি, চকলেট, অলিভ অয়েল, চা-পাতা, এনার্জি ড্রিংক, সনপাপড়ি, বিস্কুট, মদ এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
বিজিবি সূত্র জানায়, জব্দকৃত চোরাই পণ্যের আনুমানিক সিজার মূল্য ৪৩ লাখ ১০ হাজার ৮৩৫ টাকা।
এ বিষয়ে বিজিবির সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক বলেন, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা জোরদার রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জব্দকৃত মালামালের ব্যাপারে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
জৈন্তা বার্তা/আরআর




