শিক্ষার মানোন্নয়নে কমিটি গঠনের নির্দেশনা দিলেন এবিএম আশরাফ উদ্দিন নিজান
বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:৫৩ PM

শিক্ষার মানোন্নয়নে কমিটি গঠনের নির্দেশনা দিলেন এবিএম আশরাফ উদ্দিন নিজান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০৫/২০২৬ ০৪:০৯:৪৫ PM

শিক্ষার মানোন্নয়নে কমিটি গঠনের নির্দেশনা দিলেন এবিএম আশরাফ উদ্দিন নিজান

সংগৃহীত


লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা সামগ্রী বিতরণ এবং শিক্ষার মানোন্নয়ন বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আজ বুধবার উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের তিনবারের নির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহাত উজ-জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আরাফাত হোসাইন, এসপি সার্কেল (কমলনগর-রামগতি) সামছুল আলম, থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল আলম, উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী ও সম্পাদক এম. দিদার হোসেন প্রমুখ। 

এছাড়া বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, উপজেলার সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ এবং শতাধিক মেধাবী শিক্ষার্থী অনুষ্ঠানে অংশ নেন।অনুষ্ঠানের শুরুতে শিক্ষা খাতের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, ‘গত সরকারের আমলে বিভিন্ন দিবস পালনের নামে শিক্ষার মূল পরিবেশকে ক্ষতিগ্রস্ত করা হয়েছিল, যা থেকে উত্তরণ এখন সময়ের দাবি।’

এদিন অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন হাজিরহাট হামেদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসেন, চর লরেন্স উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক দোলন এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক ডিজিএম নুরুল ইসলাম। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখতে গিয়ে পশ্চিম চর লরেন্স দাখিল মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী সিমা আক্তার তার মাদ্রাসার জরাজীর্ণ ভবনের দুর্দশার কথা তুলে ধরে নতুন ভবন নির্মাণের দাবি জানান।

প্রধান অতিথির বক্তব্যে হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান বলেন, ‘কমলনগরের উন্নয়নের স্বার্থে জামাত-বিএনপি, এনসিপি, ইসলামি আন্দোলন বাংলাদেশসহ সকল মতাদর্শের মানুষকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’


শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক স্থিতিশীলতা রক্ষায় তিনি শিক্ষা, মাদক ও স্বাস্থ্য কমিটি' গঠনের কঠোর নির্দেশনা প্রদান করে হুইপ বলেন, ‘এই কমিটিগুলোতে শুধুমাত্র মেধাবী শিক্ষার্থী, নিবেদিতপ্রাণ শিক্ষক এবং সৃজনশীল মানসিকতাসম্পন্ন গুণী ব্যক্তিদের অন্তর্ভুক্ত করতে হবে।’

তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, ‘প্রযুক্তি বিকাশের এই যুগে শিক্ষার্থীদের শুধুমাত্র পাঠ্যবইয়ে সীমাবদ্ধ রাখলে চলবে না। তাদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করে ইতিবাচক চিন্তাধারার মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের মাঝে নৈতিকতা ও ইতিবাচক মূল্যবোধের চর্চা বাড়াতে শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।’এদিন অনুষ্ঠান শেষে হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান উপজেলার মেধাবী শিক্ষার্থীদের মাঝে কম্পিউটারসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করেন।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ: