অলস শিল্পপ্রতিষ্ঠান হবে বিনিয়োগ ও কর্মসংস্থানের কেন্দ্র : বাণিজ্যমন্ত্রী মুক্তাদির
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৯:৫১ PM

অলস শিল্পপ্রতিষ্ঠান হবে বিনিয়োগ ও কর্মসংস্থানের কেন্দ্র : বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০৫/২০২৬ ০৮:০৩:৩২ PM

অলস শিল্পপ্রতিষ্ঠান হবে বিনিয়োগ ও কর্মসংস্থানের কেন্দ্র : বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

ছবি:সংগৃহীত


বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশের অলস ও লোকসানি রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠানগুলোকে ধাপে ধাপে বিনিয়োগ ও কর্মসংস্থানের কেন্দ্রে পরিণত করা হবে। একই সঙ্গে ব্যবসা সহজীকরণ, বন্দর ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধি এবং বেসরকারি বিনিয়োগ সম্প্রসারণে সরকার কাজ করছে।

বৃহস্পতিবার (৭ মে) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-এ আয়োজিত Dhaka Industrial Packaging Expo 2026 উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশকে প্রতিযোগিতামূলক অর্থনীতিতে পরিণত করতে হলে ব্যবসা পরিচালনার জটিলতা কমানো, লজিস্টিক ব্যয় হ্রাস এবং অলস রাষ্ট্রীয় সম্পদের কার্যকর ব্যবহার নিশ্চিত করতে হবে। তিনি বলেন, “পুরোনো সমস্যা নিয়ে পড়ে থাকলে সামনে এগোনো যাবে না। এখন সময় বাস্তবভিত্তিক সংস্কার ও দ্রুত বাস্তবায়নের।”

তিনি জানান, বর্তমানে দেশে একটি ব্যবসা শুরু করতে উদ্যোক্তাদের প্রায় ২৫ থেকে ২৬ ধরনের অনুমোদন ও লাইসেন্স নিতে হয়, যা ব্যবসার পরিবেশকে জটিল করে তুলেছে। এ অবস্থার পরিবর্তনে সরকার ব্যবসা শুরু করার প্রক্রিয়া সহজ করার উদ্যোগ নিয়েছে। ভবিষ্যতে বিডা বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন হলেই উদ্যোক্তাদের প্রাথমিকভাবে “প্রভিশনাল ক্লিয়ারেন্স” দেওয়া হবে, যাতে তারা দ্রুত কার্যক্রম শুরু করতে পারেন।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বর্তমানে বাংলাদেশের লজিস্টিক ব্যয় জিডিপির প্রায় ১৬ শতাংশ, যেখানে বৈশ্বিক গড় প্রায় ১০ শতাংশ। বন্দর ব্যবস্থাপনায় দক্ষতার অভাবে পণ্য পরিবহন ব্যয় বাড়ছে এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় দেশ পিছিয়ে পড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিদেশি অপারেটরদের সম্পৃক্ত করা হচ্ছে। তিনি জানান, ইতোমধ্যে একটি ডেনিশ প্রতিষ্ঠান কন্টেইনার টার্মিনাল পরিচালনার কাজ শুরু করেছে এবং ভবিষ্যতে আরও আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠানকে বন্দরের কার্যক্রমে যুক্ত করা হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের পথে রয়েছে। তাই সাময়িক সমাধানের পরিবর্তে টেকসই ও দীর্ঘমেয়াদি সংস্কার বাস্তবায়ন জরুরি।

রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠান প্রসঙ্গে মন্ত্রী বলেন, শিল্প মন্ত্রণালয়ের অধীনে প্রায় ৪০টি এবং বস্ত্র ও পাট খাতের অধীনে আরও প্রায় ৫০টি শিল্পপ্রতিষ্ঠান বছরের পর বছর অলস বা লোকসানি অবস্থায় রয়েছে। এসব প্রতিষ্ঠানের বিপুল ভূমি ও সম্পদকে উৎপাদন ও কর্মসংস্থানের আওতায় আনতে সরকার ধাপে ধাপে বেসরকারি বিনিয়োগের জন্য উন্মুক্ত করছে।

তিনি বলেন, “আগামী এক থেকে দুই বছরের মধ্যে এসব অলস শিল্পপ্রতিষ্ঠানকে বিনিয়োগ ও কর্মসংস্থানের কেন্দ্রে পরিণত করতে চাই। কোথাও আধুনিকায়ন হবে, কোথাও নতুন শিল্প গড়ে উঠবে, আবার কোথাও রপ্তানিমুখী উৎপাদনের সুযোগ সৃষ্টি হবে।”

উদাহরণ হিসেবে তিনি বলেন, দেশের প্রতিটি চিনিকল গড়ে এক হাজার বিঘা বা তার বেশি জমির ওপর প্রতিষ্ঠিত। এসব এলাকায় আধুনিক শিল্পপার্ক বা বহুমুখী শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলা গেলে বিপুল বিনিয়োগ, কর্মসংস্থান ও রাজস্ব আয় সম্ভব হবে।

প্যাকেজিং শিল্পের সম্ভাবনার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, বৈশ্বিক প্যাকেজিং শিল্পের বাজার অত্যন্ত বড়। বাংলাদেশকে এ খাতে বৃহৎ লক্ষ্য নিয়ে এগোতে হবে। তিনি উদ্যোক্তাদের উদ্দেশ্যে বলেন, ‘ছোট করে চিন্তা করলে বড় জায়গায় পৌঁছানো যায় না। সরকার নীতিগত ও প্রাতিষ্ঠানিক সহায়তা দেবে, তবে শিল্পের প্রবৃদ্ধি ঘটাতে হবে উদ্যোক্তাদেরই।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মোহাম্মদ হাসান আরিফ। এ সময় প্যাকেজিং শিল্প সংশ্লিষ্ট উদ্যোক্তা, ব্যবসায়ী নেতা, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং দেশি-বিদেশি অংশীজনরা উপস্থিত ছিলেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

ওসমানীনগরে জা*লিয়াতি চ*ক্রের মূলহো*তা মকবুল গ্রে*ফতার
অলস শিল্পপ্রতিষ্ঠান হবে বিনিয়োগ ও কর্মসংস্থানের কেন্দ্র : বাণিজ্যমন্ত্রী মুক্তাদির
সীমিত আকারে পাথর কোয়ারি ইজারার চিন্তা সরকারের
হবিগঞ্জে নি-খোঁজ কৃষকের লা-শ ভেসে উঠলো হাওরে
মাধবপুরে প্রধান শিক্ষকের বি-রুদ্ধে অননুমোদিত অনুপস্থিতির অ-ভিযোগ
সুনামগঞ্জ-জগন্নাথপুর মহাসড়কে ডা-কাতি
জানা গেল ঈদুল আজহার সম্ভাব্য তারিখ
শিশু ধর্ষ*ক মাদরাসা শিক্ষকের দৃষ্টান্তমূলক শা*স্তি দাবি
সুনামগঞ্জে অপ্রা*প্তবয়স্ক প্রেমিক যুগল আট*ক, অভিভাবকের সন্ধানে পুলিশ
শিক্ষার্থীদের মেধা বিকাশে খেলাধুলার বিকল্প নেই - তাহসিনা রুশদীর লুনা এমপি