সুনামগঞ্জের শান্তিগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে নিরব আহমেদ নামের এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে।
সোমবার বিকেলে উপজেলার পাগলা-জগন্নাথপুর সড়কের আক্তাপাড়া ও সিচনীর মধ্যবর্তী স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নিরব উপজেলার দরগাপাশা ইউনিয়নের ইসলামপুর গ্রামের প্রবাসী তাজুল ইসলামের ছেলে এবং আক্তাপাড়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র।
একই দুর্ঘটনায় নিরবের চাচাতো ভাই সাকিবুল ইসলাম গুরুতর আহত হয়েছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত সাকিবুলও একই মাদ্রাসার শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে আক্তাপাড়া মিনাবাজার থেকে মোটরসাইকেল নিয়ে পাগলা বাজারে সবজি কিনতে যাচ্ছিল নিরব ও সাকিবুল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগলে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই নিরবের মৃত্যু হয়। পরে স্থানীয়রা আহত সাকিবুলকে উদ্ধার করে প্রথমে কৈতক ৫০ শয্যা হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠায়।
আক্তাপাড়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মঈনুল হক জানান, নিহত নিরব মাদরাসার নিয়মিত শিক্ষার্থী ছিল।
শান্তিগঞ্জ থানার ওসি অলী উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জৈন্তা বার্তা/আরআর




