সংগৃহিত
জামালপুরে পৃথক দুই স্থানে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। শুক্রবার (১৫ মে) দুপুরে জেলার সদর উপজেলা ও মাদারগঞ্জ উপজেলায় এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন জাতীয় ছাত্রশক্তির নেতা ছিলেন।
নিহতরা হলেন- সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের পশ্চিম আরংহাটি গ্রামের আফসার আলীর ছেলে ফারুক আহামেদ (৩৭) ও মাদারগঞ্জ উপজেলার জোড়খালি গ্রামের বাচ্চু মিয়ার ছেলে মজনু মিয়া (২৫)। মজনু মিয়া মাদারগঞ্জ উপজেলা ছাত্রশক্তির সদস্য ছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে বৃষ্টির সময় নিজ বাড়ির উঠানে কাজ করছিলেন ফারুক আহামেদ। এসময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। একই ঘটনায় তার বাবা আফসার আলী আহত হন। পরে তাকে উদ্ধার করে জামালপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
অন্যদিকে, মাদারগঞ্জ উপজেলার জোড়খালি গ্রামে বৃষ্টির সময় বাড়ির উঠানে কাজ করতে গিয়ে বজ্রপাতে গুরুতর আহত হন মজনু মিয়া। পরিবারের সদস্যরা তাকে দ্রুত স্থানীয় এক পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য আক্তারুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ফারুক আহামেদ একজন কৃষক ছিলেন। দুপুরে খড় তোলার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় ও তার বাবা আহত হন।
এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিস রায় বলেন, বজ্রপাতে একজনের মৃত্যুর খবর পেয়েছি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলার প্রক্রিয়া চলছে।
জৈন্তাবার্তা/সুলতানা




