ছবি:সংগৃহীত
ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ পরিচালিত ‘মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ (মউশিক) প্রকল্প দ্রুত রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিক এর কাছে স্মারকলিপি প্রদান করেছে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ।
বৃহস্পতিবার (২১ মে) দুপুরে ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ কার্যালয়ে কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সিলেট বিভাগীয় কমিটির সভাপতি কে.এম. মিনহাজ উদ্দিনের নেতৃত্বে শিক্ষক নেতৃবৃন্দ এ স্মারকলিপি তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুন্নাহার, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসনিম আহমদ নেহার, ৪নং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমেদ জিলু, বিএনপি নেতা খিজির খান ও সনজির আহমদ, মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের ফেঞ্চুগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা সৈয়দ মহসিন উদ্দিন, সহ-সভাপতি ক্বারী মাওলানা বাহা উদ্দিন, মাস্টার তাজিম আলীসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের শিক্ষকরা।
স্মারকলিপিতে শিক্ষক নেতৃবৃন্দ উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে মউশিক প্রকল্পের শিক্ষকরা দেশের তৃণমূল পর্যায়ে নিরক্ষরতা দূরীকরণ, শিশুদের প্রাথমিক শিক্ষা এবং ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তবে প্রকল্পভিত্তিক হওয়ায় তারা দীর্ঘদিন ধরে নানা সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত এবং অনিশ্চয়তার মধ্যে রয়েছেন।
তারা বলেন, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং শিক্ষকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে মউশিক প্রকল্পকে দ্রুত রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করা জরুরি।
সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিক স্মারকলিপিটি গুরুত্বসহকারে গ্রহণ করেন এবং শিক্ষকদের যৌক্তিক দাবি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও জাতীয় সংসদে উপস্থাপনের আশ্বাস দেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




