ছবি:সংগৃহীত
নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি সংশ্লিষ্ট সব সরকারি সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ও নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট জেলা শাখার প্রধান উপদেষ্টা মুকতাবিস উন নূর।
তিনি বলেছেন, সড়ক দুর্ঘটনার হার দিন দিন যেভাবে বাড়ছে, তা উদ্বেগজনক। দুর্ঘটনা রোধে মহাসড়ক ও হাইওয়েতে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা প্রয়োজন। একই সঙ্গে প্রশিক্ষিত চালক ছাড়া কেউ যাতে ড্রাইভিং লাইসেন্স না পান, সে বিষয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে (বিআরটিএ) কঠোর ভূমিকা পালন করতে হবে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের হলরুমে নিসচা সিলেট জেলা শাখার ২০২৬-২৮ বর্ষের নবগঠিত কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নিসচা সিলেট জেলা শাখার সভাপতি জহিরুল ইসলাম মিশুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. ছয়ফুল করিম চৌধুরী হায়াতের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও নিসচার উপদেষ্টা গোলজার আহমদ হেলাল, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের পরিচালক মো. কাপ্তান হোসেন এবং সিলেট মুসলিম সাহিত্য সংসদের সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী।
প্রধান অতিথি মুকতাবিস উন নূর বলেন, ‘সড়ক দুর্ঘটনার হার দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে, তা সত্যিই উদ্বেগজনক। সড়ক দুর্ঘটনা রোধে আইনের কঠোর প্রয়োগ প্রয়োজন। পাশাপাশি মহাসড়ক ও হাইওয়েতে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা দরকার।’
তিনি বলেন, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের সব সংস্থাকে একসঙ্গে কাজ করতে হবে। প্রশিক্ষিত চালক ছাড়া যাতে কেউ ড্রাইভিং লাইসেন্স না পান, সে বিষয়ে বিআরটিএকে কঠোর ভূমিকা পালন করতে হবে।
নিসচার কার্যক্রমের প্রশংসা করে তিনি বলেন, সড়ক দুর্ঘটনা রোধে নিসচা সারা দেশে যে কার্যক্রম চালিয়ে যাচ্ছে, তা প্রশংসার দাবিদার। বিশেষ করে সিলেট অঞ্চলে নিসচা প্রতি মাসে সড়ক দুর্ঘটনার যে প্রতিবেদন প্রকাশ করে, তা দুর্ঘটনার প্রকৃত কারণগুলো চিহ্নিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
নিসচা সিলেট জেলা শাখার সহসভাপতি আব্দুর রহমানের কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। এতে বক্তব্য দেন জেলা শাখার সহসভাপতি আহমদ জাকারিয়া, সাংগঠনিক সম্পাদক ফাহিম আহমদ, সদস্য আহমদ ফুহাদ বিন রাশিদ ও আব্দুল্লাহ এ মাসুম।
সভায় উপস্থিত ছিলেন নিসচা সিলেট জেলা শাখার সহসাধারণ সম্পাদক মো. সাহেদুর রহমান সাহেদ ও আবু জাবের, অর্থ সম্পাদক সোহেল চৌধুরী, প্রচার সম্পাদক শাহীন আহমদ, প্রকাশনা সম্পাদক আজমল আলী, আইনবিষয়ক সম্পাদক ফয়সল চৌধুরী, সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক মাজিদুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক মোস্তফা হোসেন সম্রাট, যুববিষয়ক সম্পাদক মো. জাহেদুর আলম রাফি, সদস্য মো. শরিফ আহমদ, শেখ জাবেদ আহমদ এমরান, এমদাদুল হক রিপন, সেলিম আহমদ, মো. আফজাল হোসেন খান, মো. হাফিজুর রহমান, খায়রুল ইসলাম, রেজাউল করিম সোহেলসহ অন্যরা।
উল্লেখ্য, আগামী ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সারা দেশের মতো নিসচা সিলেট জেলা শাখাও মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এবারের জাতীয় নিরাপদ সড়ক দিবসের প্রতিপাদ্য—‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ-সবার আগে বাংলাদেশ’।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




