ছবি:সংগৃহীত
সিলেটের জৈন্তাপুরে বালুবাহী ট্রাকের বালুর নিচে কৌশলে লুকিয়ে পাচারের সময় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে তামাবিল মহাসড়কের সারিঘাট এলাকায় অভিযান চালিয়ে এসব ভারতীয় শাড়ি জব্দ করা হয়।
পুলিশ জানায়, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লার নির্দেশনায় উপপরিদর্শক (এসআই) উৎসব কর্মকারের নেতৃত্বে পুলিশের একটি দল সারিঘাট এলাকায় অভিযান চালায়। এ সময় সিলেটগামী একটি বালুবাহী ট্রাকে (ঢাকা মেট্রো-ট-১৮-৬৫৯১) তল্লাশি চালিয়ে বালুর নিচে কৌশলে লুকিয়ে রাখা ভারতীয় শাড়িগুলো উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, ট্রাকটি ব্যবহার করে শাড়িগুলো চোরাচালানের মাধ্যমে সিলেটের দিকে নেওয়া হচ্ছিল। তল্লাশি চালিয়ে ট্রাক থেকে মোট ৪ হাজার ৩৪১ পিস ভারতীয় শাড়ি জব্দ করা হয়। জব্দকৃত শাড়ির আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৩৫ লাখ টাকা।
এ ঘটনায় আটক ব্যক্তির নাম মো. আলাল। তিনি সিলেটের গোয়াইনঘাট উপজেলার আলীরগাঁও ইউনিয়নের পাঁচ সেউতি এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম সিদ্দিক আলী।
জৈন্তাপুর মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক আসামিকে পুলিশ পাহারায় আদালতে সোপর্দ করা হবে।
তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




