ছবি:সংগৃহীত
জনসেবামূলক কর্মকাণ্ড ও প্রশাসনিক দক্ষতার স্বীকৃতি হিসেবে হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে সম্মাননা পদক পেয়েছেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন।
৩৬তম বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে যোগদানকারী রুহুল আমিন সিলেট জেলার কানাইঘাট উপজেলার বাসিন্দা। নবীগঞ্জে দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি সরকারি খাস জমি উদ্ধার, শহরের ফুটপাত ও যানজট নিরসন, পাহাড় ও টিলা কাটা বন্ধ, ফসলি জমির মাটি ক্রয়-বিক্রয় নিয়ন্ত্রণ এবং নদী থেকে অবৈধ বালু উত্তোলন রোধে কার্যকর ভূমিকা পালন করেন।
এছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শহর ও বিভিন্ন বাজারে নিয়মিত অভিযান পরিচালনা করে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন তিনি। তাঁর নেতৃত্বে নবীগঞ্জ উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতিরও উল্লেখযোগ্য উন্নতি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান। এসব অবদানের স্বীকৃতিস্বরূপ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাকে হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ ইউএনও হিসেবে পদক প্রদান করে।
অপরদিকে, আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের জন্য নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোনায়েম মিয়া-কে সম্মাননা পুরস্কার প্রদান করা হয়েছে। সিলেট রেঞ্জের ডিআইজি ড. মোঃ জিল্লুর রহমান হবিগঞ্জ জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় তাঁর হাতে এ সম্মাননা তুলে দেন।
তাদের এ কৃতিত্ব অর্জনে নবীগঞ্জ উপজেলার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও শিক্ষাঙ্গনের ব্যক্তিবর্গ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




