প্রবীণ রাজনীতিক তোফায়েল আহমেদ আর নেই
সোমবার, ০১ জুন ২০২৬, ১১:৩৯ PM

প্রবীণ রাজনীতিক তোফায়েল আহমেদ আর নেই

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/০৬/২০২৬ ০৭:৩৬:২২ PM

প্রবীণ রাজনীতিক তোফায়েল আহমেদ আর নেই

সংগৃহিত


প্রবীণ রাজনীতিক ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ  আর নেই। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভোগার পর তিনি মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তিনি এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী, শুভানুধ্যায়ী ও রাজনৈতিক সহযোদ্ধাকে রেখে গেছেন।

পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনেরা জানান, বয়সজনিত নানা শারীরিক সমস্যায় বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন তোফায়েল আহমেদ। গত ২৪ সেপ্টেম্বর নিউমোনিয়াজনিত শ্বাসকষ্ট, হৃদরোগ ও শারীরিক দুর্বলতা নিয়ে তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হন। হাসপাতাল কর্তৃপক্ষ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

১৯৪৩ সালের ২২ অক্টোবর ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তোফায়েল আহমেদ। ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতিতে সক্রিয় ছিলেন। ১৯৬৭ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর ভিপি হিসেবে দায়িত্ব পালন করেন এবং ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থানে নেতৃত্বস্থানীয় ভূমিকা রেখে দেশব্যাপী পরিচিতি লাভ করেন।

১৯৭০ সালের নির্বাচনে মাত্র ২৭ বছর বয়সে পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন তিনি। পরবর্তীতে নয়বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পাশাপাশি একাধিকবার মন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ বাদ মাগরিব রাজধানীর ধানমন্ডির তাকওয়া মসজিদ প্রাঙ্গণে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। আগামীকাল মঙ্গলবার নিজ জেলা ভোলায় দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে, নিজ গ্রামের বাড়িতে তাঁকে দাফন করা হবে।

জৈন্তা বার্তা / ওয়াদুদ