সড়ক নির্মাণে অনিয়মের অভিযো*গকে কেন্দ্র করে ছাতকে সংঘ*র্ষ, আ*হত ১৫
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১২:২৪ AM

সড়ক নির্মাণে অনিয়মের অভিযো*গকে কেন্দ্র করে ছাতকে সংঘ*র্ষ, আ*হত ১৫

মোশাররফ হোসেন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ০১/০৬/২০২৬ ১১:২৮:০৯ PM

সড়ক নির্মাণে অনিয়মের অভিযো*গকে কেন্দ্র করে ছাতকে সংঘ*র্ষ, আ*হত ১৫

ছবি:সংগৃহীত


সুনামগঞ্জের ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের মুনিরগাঁতি নোয়াগাঁও গ্রামে সড়ক নির্মাণকাজে অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। সোমবার (১ জুন) দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, চলমান সড়ক নির্মাণকাজে অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে কয়েকজন সংবাদকর্মী ঘটনাস্থল পরিদর্শনে যান। এ সময় বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা চলাকালে গ্রামের কিরণ মিয়া ও লিয়াকত মিয়ার মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উভয়পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে সংঘর্ষ বাধে।

সংঘর্ষে আহতদের মধ্যে রয়েছেন কিরণ মিয়া (৪০), কাওসার আহমদ (২৫), রহমত আলী, আহমদ আলী (২৮), নুর আলী (৫৫), রুয়েল আহমদ (২০), আকরাম আলী (২২), লিয়াকত আলী (৪২), রফিক মিয়া (৩০), উকিল মিয়া (৩০) ও জুনেদ আহমেদ (৩২)সহ আরও কয়েকজন।

আহতদের মধ্যে গুরুতর আহত পাঁচজনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনার বিষয়ে সাবেক ইউপি সদস্য আখলু মিয়া বলেন, রাস্তার কাজ পরিদর্শনে সাংবাদিকরা গেলে তার ভাই কিরণ মিয়া সেখানে উপস্থিত ছিলেন। এ সময় লিয়াকত মিয়া তাকে গালিগালাজ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং পরে সংঘর্ষের ঘটনা ঘটে।

তবে লিয়াকত মিয়ার দাবি, সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ তদন্তে সাংবাদিকরা ঘটনাস্থলে গেলে কিরণ মিয়া তাদের আলোচনায় বাধা দেন। এ নিয়ে বিরোধের জেরে হামলার ঘটনা ঘটে।

দক্ষিণ খুরমা ইউনিয়নের সংশ্লিষ্ট ওয়ার্ড বিএনপির সভাপতি রপু মিয়া বলেন, সংঘর্ষের সময় তিনি বাড়িতে ছিলেন না। ফলে ঘটনার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে তিনি অবগত নন।

ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছে। এ বিষয়ে অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ