ছবি:সংগৃহীত
সুনামগঞ্জের ছাতক পৌর শহরকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে গৃহস্থালির ময়লা-আবর্জনা সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোহাম্মদ মহিউদ্দিনের উদ্যোগে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় ও আলোচনা শেষে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ভ্রাম্যমাণ গাড়ির মাধ্যমে এ কার্যক্রম চালু করা হয়।
সোমবার দুপুরে পৌরসভার ৬ ও ৭ নম্বর ওয়ার্ডের মহাপ্রভুর আখড়া এবং চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের পেছনের এলাকা থেকে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোহাম্মদ মহিউদ্দিন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন সাবেক পৌর কাউন্সিলর ও প্যানেল মেয়র-১ জসিম উদ্দিন সুমেন, ছাতক সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক হরিদাস রায়, পৌর নির্বাহী কর্মকর্তা শরবিন্দু রায়, সহকারী প্রকৌশলী আবদুল মালেক, ছাতক মধ্যবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল হাই (কালা মিয়া), পৌরসভার কর্মকর্তা যুবরাজ চৌধুরী শরিফ, কার্যসহকারী জুয়েল রায় ও সুব্রত হালদার।
এ সময় মণ্ডলীভোগ মহল্লার বাসিন্দা সমরেন্দ্র কর, বাবুল পাল, শামীম আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পৌর প্রশাসক মোহাম্মদ মহিউদ্দিন বলেন, ‘নিজের শহরকে পরিচ্ছন্ন রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পৌরসভার পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে। দেশের উন্নত শহরগুলোর মতো ছাতকেও নিয়মিত গৃহস্থালির ময়লা সংগ্রহ ব্যবস্থা চালু করা হচ্ছে।’
তিনি আরও বলেন, পরিচ্ছন্ন ও আধুনিক নগর গড়ে তুলতে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এ কার্যক্রম সফল ও টেকসই হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, পর্যায়ক্রমে পৌরসভার সব ওয়ার্ডে নিয়মিতভাবে গৃহস্থালির ময়লা সংগ্রহ কার্যক্রম পরিচালনা করা হবে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




