জেনেভায় আইএলও মহাপরিচালকের সঙ্গে মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বৈঠক
বুধবার, ১০ জুন ২০২৬, ১১:৫৫ PM

জেনেভায় আইএলও মহাপরিচালকের সঙ্গে মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বৈঠক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০৬/২০২৬ ০৭:২২:০৮ PM

জেনেভায় আইএলও মহাপরিচালকের সঙ্গে মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বৈঠক

ছবি:সংগৃহীত


 আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর মহাপরিচালক গিলবার্ট হুংবো-এর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ বৈঠক করেছেন বাংলাদেশের শ্রম, কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রী আরিফুল হক চৌধুরী। বুধবার সুইজারল্যান্ডের জেনেভা শহরে অনুষ্ঠিত এ বৈঠকে শ্রম অধিকার, সামাজিক ন্যায়বিচার ও কর্মসংস্থান উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে মন্ত্রী শোভন কাজ, সামাজিক ন্যায়বিচার এবং শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় আইএলওর গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন। তিনি গণতন্ত্র, মানবাধিকার ও শ্রম অধিকারের প্রতি বাংলাদেশের সরকারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং জাতীয় আইন ও নীতিমালাকে আন্তর্জাতিক শ্রমমানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার চলমান উদ্যোগ সম্পর্কে আইএলও মহাপরিচালককে অবহিত করেন।

মন্ত্রী আইএলওর ‘গ্লোবাল কোয়ালিশন ফর সোশ্যাল জাস্টিস’ উদ্যোগকে স্বাগত জানিয়ে বৈশ্বিক সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় বাংলাদেশের অবস্থান তুলে ধরেন। পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীর উদ্যোক্তা উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের বিকাশে আইএলওর সহযোগিতা আরও সম্প্রসারণের আহ্বান জানান।

আলোচনায় তিনি উল্লেখ করেন, বাংলাদেশ এ পর্যন্ত ৩৯টি আইএলও কনভেনশন অনুসমর্থন করেছে এবং এশিয়ার প্রথম দেশ হিসেবে সব মৌলিক আইএলও কনভেনশন অনুসমর্থনের স্বীকৃতি অর্জন করেছে। শ্রম খাত সংস্কার, শ্রম অধিকার সংস্কার কমিশন গঠন, ত্রিপক্ষীয় প্রতিষ্ঠান পুনর্গঠন এবং জাতীয় ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের মাধ্যমে শ্রম আইন সংশোধনের অগ্রগতিও তিনি তুলে ধরেন। একই সঙ্গে বাংলাদেশের বিরুদ্ধে দায়ের হওয়া আর্টিকেল-২৬ মামলার ইতিবাচক ও সমঝোতাপূর্ণ নিষ্পত্তির প্রত্যাশা ব্যক্ত করেন।

এ সময় মন্ত্রী আইএলও মহাপরিচালককে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এবং দেশের চলমান শ্রম খাত সংস্কার কার্যক্রম, ত্রিপক্ষীয় সামাজিক সংলাপ ও শ্রমিক কল্যাণমূলক উদ্যোগসমূহ সরেজমিনে পরিদর্শনের আহ্বান জানান।

জবাবে আইএলও মহাপরিচালক বাংলাদেশের শ্রম খাতে চলমান সংস্কার কার্যক্রমের অগ্রগতির প্রতি আগ্রহ প্রকাশ করেন এবং বাংলাদেশের সঙ্গে আইএলওর দীর্ঘদিনের অংশীদারিত্বের প্রশংসা করেন। তিনি সফরের আমন্ত্রণের জন্য ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতে সম্ভাব্য সফরের বিষয়ে উভয় পক্ষের মধ্যে সমন্বয় অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকে উভয় পক্ষ শ্রম অধিকার, সামাজিক ন্যায়বিচার, প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই শ্রম ব্যবস্থাপনা উন্নয়নে সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে একমত হন।

বৈঠকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার, প্রতিনিধি দলের সদস্যবৃন্দ এবং জেনেভায় বাংলাদেশ মিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ: