ছবি:সংগৃহীত
সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়া বাজার ইউনিয়নের কৈতক ২০ শয্যা হাসপাতালের জায়গা দখলচেষ্টার প্রতিবাদ এবং স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে দায়ের করা চাঁদাবাজির মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে কৈতক হাসপাতাল প্রাঙ্গণে হাসপাতাল কর্তৃপক্ষ ও এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে হাসপাতালের জায়গা রক্ষার দাবি জানান।
প্রতিবাদ সভায় বক্তারা অভিযোগ করেন, সরকারি হাসপাতালের জায়গা দখলের চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে প্রতিবাদ জানানো এবং সংবাদ প্রকাশের জেরে সুনামগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি ও সাবেক ইউপি সদস্য মো. আব্দুর রহিম, স্থানীয় সাংবাদিক মোহাম্মদ রাজ উদ্দিন, ব্যবসায়ী আশরাফ আহমদ ও আব্দুল গফুরের বিরুদ্ধে হয়রানিমূলক চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে।
বক্তারা এসব মামলাকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে অবিলম্বে মামলা প্রত্যাহার এবং এলাকাবাসীর বিরুদ্ধে হয়রানি বন্ধের দাবি জানান। অন্যথায় বৃহত্তর জনগণকে সঙ্গে নিয়ে আইনি ও সামাজিকভাবে কঠোর কর্মসূচি গ্রহণের হুঁশিয়ারি দেন তারা।
বিশিষ্ট মুরব্বি হাজী আব্দুস ছোবহানের সভাপতিত্বে এবং মো. আব্দুর রহিমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সিলেট জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. রাজ উদ্দিন, যুক্তরাজ্যপ্রবাসী আলহাজ মুক্তার মিয়া তালুকদার, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান কদর মিয়া, গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি অনার্স কলেজের অধ্যক্ষ শাহ শফিকুল আলম মতি, সমতা স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ নাসির উদ্দিন, জাউয়া বাজার ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মনি শংকর ভৌমিক, দক্ষিণ খুরমা ইউনিয়নের চেয়ারম্যান মো. আবু বক্কর সিদ্দিকী, সাবেক চেয়ারম্যান আব্দুল খালিক, অ্যাডভোকেট মো. শাহাব উদ্দিন, অ্যাডভোকেট মো. কবির উদ্দিন সাজুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ ছাড়া বিএনপি ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
সভা শেষে অংশগ্রহণকারীরা হাসপাতালের সরকারি জায়গা রক্ষা এবং দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




