সংগৃহীত
পরিবেশ, প্রতিবেশ ও বায়ুমণ্ডলের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সরকারের নির্দেশনা অনুযায়ী হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। শনিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, সরকারি প্রতিষ্ঠান ও খোলা জায়গায় বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
কর্মসূচির উদ্বোধন করেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান। এ সময় তিনি বলেন, “পরিবেশ রক্ষায় বৃক্ষের বিকল্প নেই। জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বব্যাপী যে সংকট তৈরি হয়েছে, তা মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণ প্রয়োজন। সরকারের নির্দেশনা বাস্তবায়নের পাশাপাশি একটি সবুজ ও বাসযোগ্য মাধবপুর গড়ে তুলতেই এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।”তিনি আরও বলেন, “শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর পরিচর্যা ও সংরক্ষণও নিশ্চিত করতে হবে। প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকে বৃক্ষরোপণ আন্দোলনে সম্পৃক্ত হতে হবে।”
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মুজিবুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইমরুল হাসান জাহাঙ্গীর।এছাড়া উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা নুর নবী
কর্মসূচির অংশ হিসেবে বানেশ্বর সড়কসহ উপজেলার বিভিন্ন এলাকায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। এলজিইডি কর্মকর্তা নুর নবী বুল্লা বলেন, “পরিবেশ সুরক্ষা ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে এ উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। সরকারি প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি সাধারণ মানুষ নিজ নিজ জায়গায় গাছ লাগালে পরিবেশের ভারসাম্য রক্ষায় তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি সম্প্রসারণ করা হবে। পরিবেশবান্ধব ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
জৈন্তাবার্তা/সুলতানা




