ছবি:সংগৃহীত
সুনামগঞ্জের জগন্নাথপুরে এইচএসসি পরীক্ষার প্রথম দিন পরীক্ষাকেন্দ্রে অসুস্থ হয়ে জ্ঞান হারিয়েছেন দুই শিক্ষার্থী। বৃহস্পতিবার (২ জুলাই) পৃথক দুটি কেন্দ্রে এ ঘটনা ঘটে। পরে তাদের দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে একজনকে ভর্তি করা হয় এবং অপরজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
অসুস্থ দুই শিক্ষার্থী হলেন জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজের শিক্ষার্থী নাঈমা আক্তার এবং কলকলিয়া শাহজালাল মহাবিদ্যালয়ের শিক্ষার্থী সূচনা রানী সরকার।
জানা গেছে, নাঈমা আক্তার আবদুস সোবহান উচ্চ বিদ্যালয় পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা দিতে গিয়ে শেষের দিকে হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারান। পরে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজ গাড়িতে করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে দেন। নাঈমা উপজেলার কলকলিয়া ইউনিয়নের নাদামপুর গ্রামের কাজল মিয়ার মেয়ে। চিকিৎসা শেষে তিনি পরিবারের সঙ্গে বাড়ি ফিরে গেছেন।
জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক ও কেন্দ্রসচিব নিয়াজ আহমেদ জানান, নাঈমা আগে থেকেই কিছুটা অসুস্থ ছিলেন। পরীক্ষার শেষ পর্যায়ে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে দ্রুত হাসপাতালে পাঠানো হয় এবং অভিভাবকদের বিষয়টি জানানো হয়।
অন্যদিকে, সূচনা রানী সরকার আটপাড়া উচ্চ বিদ্যালয় পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা চলাকালে শেষ হওয়ার প্রায় ১৫ মিনিট আগে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তিনি জগন্নাথপুর পৌর শহরের বাসুদেব বাড়ি এলাকার সুধা সরকারের মেয়ে।
কলকলিয়া শাহজালাল মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এনামুল কবির বলেন, শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ার সঙ্গে সঙ্গে দায়িত্বরত শিক্ষকরা তাকে দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মনিরা জানান, প্রচণ্ড গরম ও শারীরিক দুর্বলতার কারণে দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে একজন হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন, আর অপরজন প্রাথমিক চিকিৎসা গ্রহণ করে বাড়ি ফিরে গেছেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




