বালু উত্তোলনে বা*ধা: মাধবপুরে রাবার বাগানের চার কর্মকর্তার ওপর হাম*লা
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৩:০৮ AM

হ*ত্যাচেষ্টার অভি*যোগ; আহ*তদের হাসপাতালে ভর্তি, আইনি ব্যবস্থার আশ্বাস পুলিশের

বালু উত্তোলনে বা*ধা: মাধবপুরে রাবার বাগানের চার কর্মকর্তার ওপর হাম*লা

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৪/০৭/২০২৬ ০৮:৫৮:০৯ PM

বালু উত্তোলনে বা*ধা: মাধবপুরে রাবার বাগানের চার কর্মকর্তার ওপর হাম*লা

ছবি:সংগৃহীত


হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজিবাজার রাবার বাগানের সরকারি ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দিতে গিয়ে বনশিল্প উন্নয়ন করপোরেশনের (বিএফআইডিসি) চার কর্মকর্তা-কর্মচারীর ওপর হামলার অভিযোগ উঠেছে। হামলায় গুরুতর আহত হয়েছেন রাবার বাগানের দুই কর্মকর্তা, এক আনসার সদস্য ও সিবিএ সভাপতি। এ ঘটনায় তাদের হত্যাচেষ্টার অভিযোগও করেছেন সংশ্লিষ্টরা।

আহতরা হলেন- রাবার বাগানের হিসাবরক্ষণ কর্মকর্তা ইব্রাহিম মামুন, ফিল্ড অফিসার শরিফুল ইসলাম, আনসার সদস্য জাহাঙ্গীর আলম এবং সিবিএ সভাপতি টেপার ফারুক হোসেন। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।


রাবার বাগানের ফিল্ড অফিসার শরিফুল ইসলাম জানান, সোমবার তেতুলতলা ছড়া থেকে একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলনের প্রস্তুতি নিচ্ছে- এমন খবর পেয়ে সরকারি সম্পদ রক্ষার দায়িত্ব পালন করতে কর্মকর্তা-কর্মচারীরা ঘটনাস্থলে যান। এ সময় হরিতলা এলাকার সালাউদ্দিনের নেতৃত্বে ১০ থেকে ১৫ জনের একটি দল দেশীয় অস্ত্র, দা ও লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীদের এলোপাতাড়ি মারধরে চারজন গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নেওয়া হয়।

শরিফুল ইসলাম বলেন, ‘আমরা শুধু সরকারি সম্পদ রক্ষা করতে গিয়েছিলাম। কিন্তু পরিকল্পিতভাবে আমাদের ওপর হামলা চালানো হয়েছে।’

শাহজিবাজার রাবার বাগানের ম্যানেজার ননী গোপাল দেব অভিযোগ করে বলেন, সালাউদ্দিন ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে রাবার বাগানের ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছেন। এতে বাধা দেওয়ায় তারা বিভিন্ন সময় কর্মকর্তা-কর্মচারীদের প্রাণনাশের হুমকিও দিয়ে আসছিলেন।

তিনি জানান, এ ঘটনায় ২০২৫ সালের মার্চ মাসে হিসাবরক্ষণ কর্মকর্তা বাদী হয়ে সালাউদ্দিনসহ কয়েকজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। পরে প্রতিপক্ষ পাল্টা একাধিক মামলা দিয়ে হয়রানির চেষ্টা করে বলেও অভিযোগ করেন তিনি।

ননী গোপাল দেব বলেন, ‘সরকারি সম্পদ রক্ষা করাই যেন আমাদের অপরাধ হয়ে দাঁড়িয়েছে। হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে ভবিষ্যতে সরকারি সম্পদ রক্ষা করা কঠিন হয়ে পড়বে।’

এ ঘটনার পর রাবার বাগানের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তারা হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, ‘ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

জৈন্তা বার্তা/ ওয়াদুদ