বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত’ : সিলেটে বাণিজ্যমন্ত্রী
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০২:৫৯ AM

শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা উপলক্ষে বর্ণাঢ্য কর্মসূচি

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত’ : সিলেটে বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪/০৭/২০২৬ ০৭:১৬:০০ PM

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত’ : সিলেটে বাণিজ্যমন্ত্রী

ছবি:সংগৃহীত


সিলেটে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা উপলক্ষে বর্ণাঢ্য কর্মসূচি পালিত হয়েছে। এ উপলক্ষে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) সিলেটের উদ্যোগে আলোচনা সভা, হরিনাম সংকীর্তন, ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবেশনা, বর্ণাঢ্য শোভাযাত্রা এবং মহাপ্রসাদ বিতরণের আয়োজন করা হয়।

শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৩টায় ইসকন সিলেট মন্দিরে ভগবদ্গীতার শ্লোকপাঠের মাধ্যমে আলোচনা সভার সূচনা হয়। ইসকন পরিচালিত ভক্তিবেদান্ত ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীরা অধ্যক্ষ পদ্মলোচন শ্যাম দাসের নেতৃত্বে গীতাপাঠ পরিবেশন করেন।

দেবামৃত নিতাই দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসকন বাংলাদেশের সহ-সভাপতি ও ইসকন সিলেট মন্দিরের অধ্যক্ষ শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ। প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ পৃথিবীর বুকে সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। যুগের পর যুগ এ দেশের মানুষ ধর্ম-বর্ণ নির্বিশেষে পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সৌহার্দ্যের সঙ্গে বসবাস করে আসছে। এই সম্প্রীতির বন্ধন অটুট থাকলে কোনো অপশক্তিই আমাদের বিভক্ত করতে পারবে না।’

তিনি আরও বলেন, ‘রথযাত্রা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি আমাদের বহুত্ববাদী সংস্কৃতি ও সামাজিক সম্প্রীতির প্রতীক। দেশের উন্নয়নে সব ধর্মের মানুষের সমান অংশীদারিত্ব রয়েছে। আপনাদের ধর্মীয় চর্চা ও মন্দিরের উন্নয়নে যখনই প্রয়োজন হবে, সরকার সর্বাত্মক সহযোগিতা করবে।’

অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সিলেটে সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করবে এবং সব ধর্মীয় অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে। ভবিষ্যতেও সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সভাপতির বক্তব্যে শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ বলেন, সমাজে শান্তি প্রতিষ্ঠায় আধ্যাত্মিক মূল্যবোধের চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বিশ্বশান্তি, মানবকল্যাণ ও সকলের মঙ্গল কামনা করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুদীপ রঞ্জন সেন বাপ্পু, সাবেক ট্রাস্টি নীহার রঞ্জন দাস, মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক আবদুল কাইয়ুম জালালী পংকী, অতিরিক্ত জেলা প্রশাসক মো. নুরের জামান চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার মো. এনামুল হক এবং ইসকন সিলেট বিভাগীয় কমিটির দুর্যোগ ব্যবস্থাপনা ও সমাজসেবা বিভাগের সম্পাদক বুদ্ধি গৌর দাস অধিকারী।

স্বাগত বক্তব্য দেন ইসকন সিলেট মন্দিরের সাধারণ সম্পাদক ভাগবত করুনা দাস ব্রহ্মচারী। উপস্থিত ছিলেন ইসকন সিলেট গৃহস্থ কাউন্সিল বিভাগের সভাপতি সুমঙ্গল গৌর দাসসহ বিভিন্ন ধর্মের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

আলোচনা সভা শেষে বিকেল ৪টায় শ্রীশ্রী জগন্নাথ, বলদেব ও সুভদ্রা মহারানীকে বহনকারী তিনটি সুসজ্জিত রথ নিয়ে উল্টো রথযাত্রার শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি রিকাবীবাজার, চৌহাট্টা, জিন্দাবাজার, কোর্ট পয়েন্ট, তালতলা, মির্জাজাঙ্গাল ও লামাবাজার প্রদক্ষিণ করে পুনরায় ইসকন সিলেট মন্দিরে এসে শেষ হয়।

মৃদঙ্গ, করতাল, ঘণ্টা, উলুধ্বনি ও হরিধ্বনিতে মুখরিত শোভাযাত্রায় হাজারো নারী-পুরুষ, শিশু, তরুণ ও প্রবীণ অংশ নেন। পরে মন্দির প্রাঙ্গণে ভক্তিমূলক সংগীত, সাংস্কৃতিক পরিবেশনা এবং মহাপ্রসাদ বিতরণ করা হয়। এতে বিপুলসংখ্যক ভক্ত, সুধীজন ও বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ অংশগ্রহণ করেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের সবচেয়ে বড় শক্তি’ - আব্দুল কাইয়ুম চৌধুরী
‘সিলেটের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে’ - আরিফুল হক চৌধুরী
রাজনগরে কী*টনাশক পান করে যুবকের মৃ*ত্যু
‘স্বাস্থ্য ও শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ করে বরাদ্দ দেওয়া হবে’ : বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত’ : সিলেটে বাণিজ্যমন্ত্রী
টেকসই সড়ক নির্মাণে আরসিসির বিকল্প নেই: গোয়াইনঘাটে শ্রমমন্ত্রী
তেলের দাম বাড়ানো হবে না: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে ব'জ্রসহ বৃষ্টির শ'ঙ্কা
কোনো নাগরিক যেন হ*য়রানির শি*কার না হন,’- সিসিক প্রশাসক
উল্টো রথযাত্রা শুক্রবার, আসছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির