সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০২:৪৯ PM

সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/০৭/২০২৬ ১২:৩৯:২৫ PM

সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস

প্রতীকী ছবি


সিলেটসহ দেশের ১২ অঞ্চলে বজ্রসহ বৃষ্টি এবং ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

রবিবার (২৬ জুলাই) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত অভ্যন্তরীণ নদীবন্দর সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়। 

দুপুর পর্যন্ত দেওয়া এ সতর্ক বার্তায় বলা হয়েছে, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে এসব এলাকার ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রবিবার দেশের আট বিভাগেই বৃষ্টির আভাসও দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেইসঙ্গে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

অধিদপ্তরের বিভাগীয় বুলেটিনের তথ্য অনুযায়ী, রবিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। তবে স্থানভেদে বৃষ্টির তীব্রতা ও বিস্তৃতিতে কিছুটা তারতম্য থাকতে পারে।

সিলেট, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বাড়ার বার্তা দেওয়া হয়েছে।

আবহাওয়া পূর্বাভাসের তাপমাত্রার চিত্র বিশ্লেষণ করে দেখা গেছে, শনিবার রংপুর বিভাগে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে এবং সর্বনিম্ন ২৭.০ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে সিলেটের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৪ ডিগ্রি সেলসিয়াস, যা দেশের মধ্যে সর্বনিম্ন। সেখানে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪.৮ ডিগ্রি সেলসিয়াস।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ: