ছবি:সংগৃহীত
সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস বলেছেন, প্রতিবন্ধী শিক্ষার্থীরা শুধু শিক্ষাক্ষেত্রেই নয়, সঠিক সুযোগ ও সহায়ক পরিবেশ পেলে তাদের মেধা, সৃজনশীলতা ও প্রতিভার মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম। তাই তাদের সমাজের বোঝা নয়, বরং মূল্যবান সম্পদ হিসেবে গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
রোববার (২৬ জুলাই) সকালে সিলেট নগরের জিন্দাবাজারে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) কার্যালয়ে আয়োজিত ‘মৌসুমী ফল উৎসব’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, প্রতিবন্ধী মানুষের জীবনমান উন্নয়ন এবং তাদের কল্যাণে কাজ করার সুযোগ পাওয়া অত্যন্ত আনন্দের ও সৌভাগ্যের বিষয়। ভারতীয় সহকারী হাইকমিশন বর্তমানে সিলেট সিটি কর্পোরেশনসহ বিভিন্ন অংশীজনের সঙ্গে যৌথভাবে উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করছে। গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের মতো মানবিক সংগঠনের পাশে থাকতে পেরে তারা গর্বিত। ভবিষ্যতেও প্রতিবন্ধী জনগোষ্ঠীর কল্যাণে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
সিলেটের প্রশংসা করে অনিরুদ্ধ দাস বলেন, ঐতিহ্য, সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি মানবিক উদ্যোগের কারণেও সিলেট অনন্য। গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন প্রতিবন্ধী মানুষের উন্নয়নে যেভাবে নিরলসভাবে কাজ করে যাচ্ছে, তা সত্যিই প্রশংসনীয়। সমাজের বিত্তবান ও সচেতন মানুষের উচিত এমন উদ্যোগের পাশে দাঁড়ানো।
জিডিএফের উপদেষ্টা বিশিষ্ট সংগীতশিল্পী হিমাংশু বিশ্বাসের সভাপতিত্বে এবং মহাসচিব ও নির্বাহী পরিচালক মো. বায়জিদ খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন হিউম্যান কেয়ার সিলেটের চেয়ারম্যান শামা হক চৌধুরী, সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম, চক্ষু বিশেষজ্ঞ ডা. জহিরুল ইসলাম অচিনপুরী, দৈনিক যুগান্তরের সিলেট ব্যুরো প্রধান সংগ্রাম সিংহ, নিউ হ্যাম্বারার কাউন্সিলর সাব্বির আহমদ সানি, অভিনেতা বেলাল আহমদ মুরাদ এবং রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আলতাউর রহমান খান শামছু।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন জিডিএফের নির্বাহী সদস্য সৈয়দ মাহমুদুল হক জাবেদ। এ সময় জিডিএফের সভাপতি প্রমেশ দত্ত, কোষাধ্যক্ষ দিদার আহমদ, দিশারী প্রতিবন্ধী কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক আবুল লেইছ, ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সংগঠক, অভিভাবক এবং বিপুলসংখ্যক প্রতিবন্ধী শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত হয়। পরে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




