ছবি:সংগৃহীত
সুনামগঞ্জের জগন্নাথপুরে বাংলাদেশ ব্যাংক ও স্থানীয় তফসিলি ব্যাংকগুলোর যৌথ উদ্যোগে উপজেলা ভিত্তিক কৃষি ঋণ প্রচারণা, আলোচনা সভা ও প্রকাশ্য ঋণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ১৮ জন কৃষকের মধ্যে মোট ৩৪ লাখ টাকার কৃষি ঋণ বিতরণ করা হয়।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে উপজেলা মডেল মসজিদের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসলাম উদ্দিন সভাপতিত্ব করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্যাংক এশিয়ার জোনাল অফিসার আশিকুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংক, সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক জাবেদ আহমদ।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. কাওসার আহমেদ, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আল-আমিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এস. এম. এমদাদুল হক এবং উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হোরায়রা ছাদ।
এ ছাড়া বক্তব্য দেন ইসলামী ব্যাংক জগন্নাথপুর শাখার ব্যবস্থাপক মো. জহির উদ্দিন, উত্তরা ব্যাংকের ব্যবস্থাপক গুল মোহাম্মদ মাহমুদ উল্লাহ, এনসিসি ব্যাংকের ব্যবস্থাপক মাহমুদুল হাসান চৌধুরী, পূবালী ব্যাংকের ব্যবস্থাপক এমদাদুল হক, সোনালী ব্যাংকের ব্যবস্থাপক জাকির হোসেন, জনতা ব্যাংকের ব্যবস্থাপক ইমান সারোয়ার এবং কৃষক জুয়েল মিয়া। স্বাগত বক্তব্য দেন ব্যাংক এশিয়া পিএলসির সিলেট পূর্বাঞ্চলের এফভিপি ও জোনাল হেড নাজমুস সাকীব।
বক্তারা বলেন, কৃষকরাই দেশের গ্রামীণ অর্থনীতির মূল চালিকাশক্তি। প্রকৃত কৃষকদের সহজ শর্তে ও হয়রানিমুক্ত ঋণ সুবিধা নিশ্চিত করা গেলে তারা জাতীয় অর্থনীতিতে আরও কার্যকর ভূমিকা রাখতে পারবেন। পাশাপাশি কৃষকদের জন্য স্মার্ট কার্ডের মাধ্যমে তথ্য সংরক্ষণ, আধুনিক ব্যাংকিং সেবা সম্প্রসারণ এবং কৃষি খাতকে প্রযুক্তিনির্ভর করার ওপর গুরুত্বারোপ করা হয়।
আলোচনা সভা শেষে বিভিন্ন তফসিলি ব্যাংকের মাধ্যমে ১৮ জন কৃষকের মধ্যে সর্বনিম্ন ৪০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত মোট ৩৪ লাখ টাকার কৃষি ঋণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লুৎফুর রহমান চৌধুরী, জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি তাজউদ্দিন আহমদ, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মতিন, পৌর বিএনপি নেতা হাবিল মিয়াসহ বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা, কৃষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




