ছবি:সংগৃহীত
সুনামগঞ্জের জগন্নাথপুর প্রেসক্লাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) বিকেলে উপজেলা সদরের মডেল মসজিদ হলরুমে আলোচনা সভা, সম্মাননা প্রদান ও কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালন করা হয়।
প্রেসক্লাবের সভাপতি তাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু ও যুগ্ম সাধারণ সম্পাদক অমিত দেবের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহীন, জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম, ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি, সিলেটের সহকারী অধ্যাপক ডা. মধুসূদন ধর, উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ এবং পৌর বিএনপির আহ্বায়ক সালাহ উদ্দিন মিঠু।
সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য দেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন।
এ ছাড়া বক্তব্য দেন উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি আতাহার উদ্দিন, দুর্নীতি দমন বিভাগের পরিচালক মাওলানা মুহিবুর রহমান, পৌর জামায়াতের সভাপতি আহম ওয়ালি উল্ল্যাহ, বাংলাদেশ জামায়াতে ইসলামী পেশাজীবী সংগঠনের সভাপতি কবির উদ্দিন, প্রেসক্লাবের সহসভাপতি আব্দুল হাই, কোষাধ্যক্ষ জামাল উদ্দিন বেলাল, দপ্তর সম্পাদক গোলাম সারোয়ার, সদস্য আল আমিন, খেলাফত মজলিসের উপজেলা শাখার সহসভাপতি সাজাওয়ার আহমেদ, উপজেলা সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রুহুল আমীন, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ও হাওর বাঁচাও আন্দোলনের আহ্বায়ক শামীম আহমেদ, ফেয়ার ফেইস জগন্নাথপুরের স্থায়ী কমিটির সভাপতি শামীম আহমেদ, অলটাইম ক্লিন জগন্নাথপুরের সভাপতি শাহাজাহান মিয়া এবং জহির স্পোকেনের পরিচালক জহির আহমেদসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
অনুষ্ঠানে জগন্নাথপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট সৈয়দ শায়েখ আহমেদ, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন এবং প্রতিষ্ঠাতা দপ্তর সম্পাদক ও আমৃত্যু সভাপতি প্রয়াত শংকর রায়কে (মরণোত্তর) বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, চার দশকেরও বেশি সময় ধরে জগন্নাথপুর প্রেসক্লাব বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে এলাকার শিক্ষা, সংস্কৃতি, অবকাঠামো উন্নয়ন এবং সামাজিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
বক্তারা আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমের বিস্তারের ফলে একশ্রেণির ব্যক্তি সাংবাদিকতার নীতি-নৈতিকতা অনুসরণ না করে বিভ্রান্তিকর ও যাচাইবিহীন তথ্য প্রচার করছেন। এতে পেশাদার সাংবাদিকতার ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি সমাজে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। এ পরিস্থিতিতে অপসাংবাদিকতার বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি এবং দায়িত্বশীল, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চা আরও জোরদারের আহ্বান জানান তারা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন প্রেসক্লাবের সদস্য শাহ এস এম ফরিদ। পরে মডেল মসজিদের ইমাম মাওলানা জুবায়ের আহমদের পরিচালনায় দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এরপর প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




